গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কের কাঞ্চনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চালকসহ পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা কালিয়াকৈরের দিকে আসছিল। পথিমধ্যে কাঞ্চনপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। স্থানীয় লোকজন এগিয়ে এসে দুই যাত্রীকে মৃত অবস্থায় উদ্ধার করেন। এছাড়া আহত অন্য তিনজনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সময়ের আলো/জোই