প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০০ পিএম আপডেট: ০৭.০৯.২০২৬ ১২:১১ এএম
তৃতীয় লিঙ্গের মৌসুমী। ছবি : সময়ের আলো চট্টগ্রামের খুলশীতে মোহাম্মদ মহসিন ওরফে মৌসুমি (৫২) নামে তৃতীয় লিঙ্গের একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি তৃতীয় লিঙ্গের একটি অংশের কাছে ‘গুরু মা’ নামে পরিচিত ছিলেন। শনিবার (৫ সেপ্টেম্বর) খুলশীর আমবাগান এলাকার শহীদ মিনার কলোনির এলাকার নিজ বাসা থেকে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে শনিবার সকাল থেকেই চমেকের মর্গের সামনে ভিড় করেন মৌসুমির অনুসারীরা। তারা দাবি করেছেন, তাকে কেউ খুন করেছে। এসময় তার এক অনুসারী সাংবাদিকদের বলেন, শুক্রবার দিবাগত রাত আড়াইটা পর্যন্ত আমরা বাসার বাইরে গল্প করেছি। এসময় বাসায় বিদ্যুৎ ছিল না। বিদ্যুৎ আসার পর আমরা যার যার বাসায় চলে যাই। সকালে শুনি আমাদের গুরু মৌসুমি মারা গেছেন। তিনি বাসায় একাই থাকতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৌসুমি হিজরার বাসার সামনে একটি গরুর ফার্ম আছে। এটি মৌসুমির নিজের ফার্ম। কয়েকদিন আগে সেখান থেকে একটি গরু বিক্রি করা হয়। সেই গরুর টাকা ছিল মৌসুমির কাছে। শুক্রবার শেষ রাতে মৌসুমির বাসায় বেশ ঝগড়ার শব্দ শোনা গেছে। ধারণা করা হচ্ছে বাক-বিতণ্ডার জেরে কিংবা টাকা হাতিয়ে নিতে তাকে হত্যা করা হয়েছে। বাসায় গরু বিক্রির টাকা এবং ব্যবহৃত মোবাইল ফোন পাওয়া যায়নি।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, শনিবার সকালে মৌসুমীর অনুসারী একদল মৌসুমীর বাসায় গিয়ে দেখেন গেট বাইরে থেকে বন্ধ। পরে তারা দরজা খুলে ভেতরে প্রবেশ করেন। এরপর মৌসুমির মরদেহ বিছানায় উপুড় হয়ে শোয়া দেখতে পান। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, মৌসুমীর গলায় একটি কালো দাগ দেখা গেছে। মুখে জখমের চিহ্ন ছিল। উদ্ধারের সময় গলা দিয়ে রক্ত বের হচ্ছিল। মরদেহ উদ্ধারের পর আশেপাশে সিসি ক্যামেরার ভিডিওসহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে।
সময়ের আলো/এনএন