ক্রিকেট মাঠে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন বহুবার। এবার মাঠের বাইরেও তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার দায়িত্ব পেলেন দেশটির সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। তাকে ‘সিন্ধু পুলিশ স্পোর্টস বোর্ড’-এর স্পোর্টস অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ক্রীড়াক্ষেত্রে দীর্ঘদিনের অবদান এবং তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রচেষ্টার স্বীকৃতি হিসেবেই আফ্রিদিকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এ উপলক্ষে করাচির সেন্ট্রাল পুলিশ অফিসের মুহাম্মদ আলী শাহ অডিটোরিয়ামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সিন্ধু পুলিশের ইন্সপেক্টর জেনারেল জাবেদ আলম ওধো, সিন্ধু পুলিশ স্পোর্টস বোর্ডের চেয়ারম্যান ও ট্রাফিক করাচির ডিআইজি, এসএসপি (মিডিয়া), ব্যবসায়ী সমাজের প্রতিনিধিসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আফ্রিদির হাতে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। পরে আইজি জাবেদ আলম ওধো ও আফ্রিদি পরস্পরের মধ্যে সম্মাননা স্মারক বিনিময় করেন।
আফ্রিদির নিয়োগ প্রসঙ্গে আইজি জাবেদ আলম ওধো বলেন, নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে আফ্রিদি সিন্ধু পুলিশকে সম্মানিত করেছেন। পুলিশ বাহিনীর মধ্যে খেলাধুলার প্রসার ঘটানো তাদের দীর্ঘদিনের অগ্রাধিকার। বিশেষ করে তরুণদের মাদক ও অন্যান্য নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলা ও স্বাস্থ্যকর কার্যক্রমে যুক্ত করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
তিনি আরও জানান, ব্যবসায়ী সমাজের সহযোগিতায় এই উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হয়েছে। শুধু সিন্ধু নয়, পাকিস্তানের সব পুলিশ বাহিনীকে নিয়ে চলতি বছরের নভেম্বরে একটি জাতীয় ক্রীড়া উৎসব আয়োজনের পরিকল্পনাও রয়েছে।
নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আফ্রিদি। করাচিতে জন্ম নেওয়া সাবেক এই তারকা জানান, ছোটবেলায় সিন্ধু পুলিশের ক্রিকেট দলের কার্যক্রম কাছ থেকে দেখেছেন তিনি। তখন থেকেই পুলিশ বাহিনীর সঙ্গে খেলাধুলার মাধ্যমে যুক্ত হওয়ার ইচ্ছা ছিল তার। এবার সেই সুযোগ বাস্তবে পাওয়ায় তিনি আনন্দিত।
সময়ের আলো/টিকে