ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দুটি মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর দেশটির ৩টি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।
শনিবার (৫ সেপ্টেম্বর) মার্কিন সামরিক বাহিনী বরাতে সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, একটি মার্কিন বিমানবাহী রণতরী ও একটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ইরানের একাধিক হামলা প্রতিহত করেছে। এর জবাবে খার্গ দ্বীপের উপকূলে আইআরজিসির তেলবাহী জাহাজ এম/টি ডাউনি এবং জাস্কের কাছে এম/টি স্টার্ক-১ অচল করে দেওয়া হয়েছে।
এ ছাড়া পারস্য উপসাগরের বাইরে এম/টি কাইলো নামের একটি খালি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে একাধিকবার হামলা চালিয়ে অচল করা হয়। পরে জাহাজটি ‘সম্পূর্ণ ধ্বংস’ হয়েছে বলে জানিয়েছে সেন্টকম।
সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান মার্কিন জাহাজে হামলা করলে এর চেয়েও বড় অর্থনৈতিক মূল্য দিতে হবে। তার ভাষায়, হামলর জবাবে ইরানের তিনটি জাহাজ ধ্বংস করা হয়েছে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও একই ধরনের হুঁশিয়ারি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, ইরান মার্কিন জাহাজে হামলা চালালে যুক্তরাষ্ট্র তাদের তেল ট্যাংকার ধ্বংস ও ডুবিয়ে দেবে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, ইরানি কর্মকর্তারা যেকোনো হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তবে ইরানের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে এখনো এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সময়ের আলো/কেএইচও