ভারতের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল এবার মুখ খুললেন বলিউডের বহুল চর্চিত ‘কাস্টিং কাউচ’ বিতর্ক নিয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব স্বীকার করলেও নিজের ক্যারিয়ারে এমন কোনো অভিজ্ঞতার মুখোমুখি হননি বলে জানিয়েছেন তিনি।
সেই সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের নানা অভিজ্ঞতা নিয়ে কথা বলেন শ্রেয়া। সেখানে কাস্টিং কাউচ প্রসঙ্গে তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যাপক প্রসারের আগের সময়ে ইন্ডাস্ট্রিতে নারীদের জন্য পরিস্থিতি আরও কঠিন ছিল।
শ্রেয়া জানান, মাত্র ১৩ বছর বয়সে কাজ শুরু করেছিলেন তিনি। তবে সেই সময় প্রায় সব জায়গাতেই তার সঙ্গে বাবা-মা থাকতেন। ফলে কেউ তার সঙ্গে খারাপ আচরণ করা কিংবা অস্বস্তিকর কোনো প্রস্তাব দেওয়ার সাহস পেতেন না। বাবা-মায়ের উপস্থিতি তার ক্যারিয়ারের শুরুর সময়ে এক ধরনের নিরাপত্তার বলয় তৈরি করেছিল। তাই ব্যক্তিগতভাবে কাস্টিং কাউচের মতো কোনো পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি তাকে।
নিজের অভিজ্ঞতা না থাকলেও ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব অস্বীকার করেননি শ্রেয়া। বরং তার মতে, সোশ্যাল মিডিয়ার আগের সময়ে বিষয়টি নিয়ে কথা বলা বা প্রতিবাদ করা নারীদের জন্য আরও কঠিন ছিল। তবে বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে নানা ঘটনা দ্রুত প্রকাশ্যে চলে আসায় পরিস্থিতিতে কিছুটা পরিবর্তন এসেছে বলেও মনে করেন তিনি।
এরপর একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়ে ভারতের অন্যতম সফল প্লেব্যাক গায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এই সুকণ্ঠী গায়িকা দীর্ঘ ক্যারিয়ারে পেয়েছেন একাধিক পুরস্কার ও সম্মাননাও।
সময়ের আলো/এসএকে