ইসরাইলের ড্রোন হামলায় লেবাননে নিহত সাতক্ষীরার কলারোয়ার শ্রীপতিপুর গ্রামের শুভ দাসের মরদেহ ৩ মাস ২৫ দিন পর নিজ বাড়িতে পৌঁছেছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় মরদেহ পৌঁছানোর পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।
চলতি বছরের ১১ মে লেবানন এর দক্ষিণাঞ্চল এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় শুভ দাসসহ সাতক্ষীরার ৩ জন মারা যান। নিহতরা ছিলেন আশাশুনির নাহিদুল, সাতক্ষীরা সদরের ভালুকা চাদপুরের শফিকুল ও কলারোয়ার শুভ দাস।
নাহিদুল ও শফিকুলের লাশ ২ মাস আগে আসলেও সকল প্রক্রিয়া সম্পন্ন করে অবশেষে দেশে ফিরল শুভর মরদেহ।
তিন ভাই ও এক বোনের মধ্যে শুভ দ্বিতীয়। দরিদ্র পরিবারের দুই শতক বসত ভিটা বিক্রি ও লোন করে আড়াই বছর আগে লেবাননে যায় শুভ। এরপর লাশ হয়ে ফিরলেন তিনি। তার মরদেহ সমাধির প্রস্তুতি চলছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের খুলনা বিভাগীয় অফিসের কাউন্সিলর মইন উদ্দীন জানান, সরকারের পক্ষ থেকে ৮৫ হাজার টাকার চেক গতকাল রাতেই দেওয়া হয়েছে। চলতি মাসে আরও ৩ লাখ ও কয়েকমাস পর জীবন বীমার অনুদান পাবে তার পরিবার।
সময়ের আলো/আতা