নতুন জাতীয় বেতনস্কেল কার্যকর হলে প্রথমবারের মতো ১ম থেকে ২০তম গ্রেডের সব সরকারি চাকরিজীবী মোবাইল ভাতা পাবেন। নতুন প্রস্তাব অনুযায়ী, ১ম থেকে ৫ম গ্রেডের সরকারি কর্মচারীরা মাসে ৫০০ টাকা এবং ৬ষ্ঠ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা ১৫০ টাকা করে মোবাইল ভাতা পাবেন।
বর্তমানে ১ম থেকে ৩য় গ্রেডের কর্মকর্তারা মাসে ১ হাজার ৫০০ টাকা এবং ৪র্থ ও ৫ম গ্রেডের কর্মকর্তারা ১ হাজার টাকা করে এ সুবিধা পাচ্ছেন। অন্যদিকে জাতীয় বেতন কমিশন ২০২৫-এর সুপারিশে ৬ষ্ঠ থেকে ১০ম গ্রেডে ৫০০ টাকা এবং ১১তম থেকে ২০তম গ্রেডে ৪০০ টাকা দেওয়ার প্রস্তাব করা হয়েছিল।
গত ৩১ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুমোদনের পর অর্থ মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে সব গ্রেডকে মোবাইল ভাতার আওতায় আনার বিষয়টি জানানো হয়।
সচিব কমিটির এক কর্মকর্তা বলেন, সরকারি দাপ্তরিক যোগাযোগের ক্ষেত্রে এখন প্রায় সব স্তরের কর্মচারীকেই মোবাইল ফোন ব্যবহার করতে হয়। ফলে সব গ্রেডকে ভাতার আওতায় আনা যৌক্তিক। তবে সরকারের অতিরিক্ত ব্যয়ের বিষয়টি বিবেচনা করেই ভাতার হার পুনর্নির্ধারণের প্রয়োজন হয়েছে।
ধাপে ধাপে কার্যকর হবে নতুন বেতনস্কেল
জাতীয় বেতনস্কেল ২০২৬ আগামী ১ জুলাই থেকে পর্যায়ক্রমে কার্যকর করার সিদ্ধান্ত হয়েছে। ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে।
নতুন কাঠামোর আওতায় প্রায় ২৪ লাখ সামরিক ও বেসামরিক সরকারি কর্মচারী এবং প্রায় সোয়া ৯ লাখ অবসরপ্রাপ্ত কর্মচারী ও অন্যান্য যোগ্য সুবিধাভোগী আসবেন।
এ ছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্যও নতুন ভাতা চালুর সিদ্ধান্ত হয়েছে। প্রতি সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা করে এই ভাতা দেওয়া হবে।
সময়ের আলো/এমকে