টেক্সটাইল খাতে গবেষণা বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের টেক্সটাইল শিল্পে দক্ষ জনশক্তির চাহিদা পূরণ এবং বিদেশি বিশেষজ্ঞদের ওপর নির্ভরতা কমাতে আন্তর্জাতিক মানের প্রকৌশলী তৈরির ওপর গুরুত্ব দিয়েছেন

2026-10-26T10:17:26+00:00
2026-10-26T10:17:26+00:00
 
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
জাতীয়
টেক্সটাইল খাতে গবেষণা বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১০:১৭ এএম 
বুটেক্সের সাত সদস্যের প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। ছবি : সংগৃহীত
দেশের টেক্সটাইল শিল্পে দক্ষ জনশক্তির চাহিদা পূরণ এবং বিদেশি বিশেষজ্ঞদের ওপর নির্ভরতা কমাতে আন্তর্জাতিক মানের প্রকৌশলী তৈরির ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ জন্য টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন, আধুনিক গবেষণাগার স্থাপন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন তিনি।

রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিনের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও বুটেক্সের অ্যালামনাই সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাক্ষাতের বিষয়টি জানানো হয়।

রাষ্ট্রপতি বলেন, টেক্সটাইল দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক খাত। এ খাতের চাহিদা অনুযায়ী দক্ষ প্রকৌশলী তৈরি করার পাশাপাশি শিক্ষার্থীদের দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দিতে হবে। এর মাধ্যমে দেশের দক্ষ জনশক্তিকে কাজে লাগানোর পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ বাড়বে।

টেক্সটাইল শিল্পের কাঁচামালের চাহিদা পূরণে দেশে তুলার উৎপাদন বাড়ানোর ওপর জোর দেন রাষ্ট্রপতি। এ জন্য কৃষকদের উৎসাহিত করা, উৎপাদন ব্যয় কমানোর উপায় বের করা এবং কৃষি ও টেক্সটাইল খাতের মধ্যে সমন্বয় বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

এ ছাড়া পাট, আনারসের পাতা ও কলাগাছসহ বিভিন্ন প্রাকৃতিক উৎস থেকে তন্তু সংগ্রহ এবং সিনথেটিক সুতা তৈরির সম্ভাবনা নিয়ে গবেষণা বাড়ানোর আহ্বান জানান মির্জা ফখরুল।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল বাংলাদেশের টেক্সটাইল ও তৈরি পোশাকশিল্পের বিকাশে বুটেক্সের অবদান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে।


এ সময় বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক গবেষণাগার স্থাপন, প্রয়োজনীয় জনবল নিয়োগ, বিসিএস (টেক্সটাইল) নামে পৃথক ক্যাডার সৃষ্টি, বাজেট বৃদ্ধি এবং ঢাকার পূর্বাচলে দ্বিতীয় ক্যাম্পাস প্রতিষ্ঠার জন্য জমি বরাদ্দসহ বিভিন্ন দাবি ও প্রয়োজনীয়তার কথা তুলে ধরে প্রতিনিধিদল।

রাষ্ট্রপতি প্রতিনিধিদলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। উত্থাপিত বিষয়গুলো সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।

এদিকে, আগামী বছরের মার্চে বুটেক্সের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে সভাপতিত্ব করার জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।

প্রতিনিধিদলের অন্য সদস্যদের মধ্যে ছিলেন বুটেক্সের ফ্যাকাল্টি অব টেক্সটাইল ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস স্টাডিজের ডিন অধ্যাপক ড. মো. আহসান হাবীব, ফ্যাকাল্টি অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক শিল্পী আক্তার, ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. হাসিনা আখতার, ফ্যাকাল্টি অব টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. রাশেদা বেগম দিনা এবং ফ্যাকাল্টি অব ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ড. লামইয়া জাহির।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   টেক্সটাইল খাতে  গবেষণা  তাগিদ  রাষ্ট্রপতি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: