ইতালিতে বাঁধনের ওপর হামলা, মিলল হেনস্তায় জড়িতদের পরিচয়

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ইতালির ভেনিসের মেস্ত্রে শহরে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বিশ্লেষণ করে

2026-09-08T23:49:40+00:00
2026-09-08T23:49:40+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
ইতালিতে বাঁধনের ওপর হামলা, মিলল হেনস্তায় জড়িতদের পরিচয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৯ পিএম 
ছবি : সংগৃহীত
ইতালির ভেনিসের মেস্ত্রে শহরে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বিশ্লেষণ করে কয়েকজন হামলাকারীর পরিচয় শনাক্ত করা গেছে। ভিডিওতে নিজেদের ইতালি ছাত্রলীগের সদস্য পরিচয় দিয়ে বাঁধনের দিকে ডিম, কোক ও পানি ছুড়ে মারতে, হুমকি দিতে এবং শারীরিকভাবে আঘাতের চেষ্টা করতে দেখা যায়।

স্থানীয় সময় সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর মেস্ত্রের একটি পার্কে ভাইয়ের পরিবারের সঙ্গে ঘুরতে গেলে এ ঘটনার শিকার হন বাঁধন। পরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিও বার্তায় তিনি জানান, কয়েকজন ব্যক্তি তাকে ঘিরে ধরে হেনস্তা করেন, তার গায়ে কোক ও ডিম ছোড়া হয়, শারীরিকভাবে আঘাত করা হয় এবং তার মুঠোফোন ছুড়ে ফেলে দেওয়া হয়।

Advertisement
‘জুলাই জঙ্গি’ বলে স্লোগান

হামলার সময় ধারণ করা একটি লাইভ ভিডিওতে কয়েকজনকে বলতে শোনা যায়, “এই যে জুলাই জঙ্গি… ভেনিসে আসছে। ডিম আনো, ডিম আনো।” তারা আরও দাবি করে, “আমরা ইতালির ছাত্রলীগ। বাংলাদেশের যেকোনো প্রান্তে যাবে, তাদের আমরা প্রতিহত করব।”

চিৎকার-চেঁচামেচির মধ্যে একপর্যায়ে একজনকে বলতে শোনা যায়, “বাচ্চা আছে আমার, কী করছেন এগুলো?” অন্যদিকে হামলাকারীদের পক্ষ থেকে “জয় বাংলা” স্লোগান দিতেও চাপ দেওয়া হয়।

লাইভ করা ব্যক্তির পরিচয়

ঘটনার সময় মনিরুল হাওলাদার নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভ সম্প্রচার করা হয়। লাইভের ক্যাপশনে লেখা ছিল, “জুলাই জঙ্গি আজমেরী হক বাঁধনকে আমরা উত্তম মাধ্যম দিয়েছি ভেনিসে, বাংলাদেশ ছাত্রলীগ, ইতালি শাখা।”

স্থানীয় আওয়ামী লীগ ও তার স্বজনদের সূত্রে জানা গেছে, মনিরুলের বাড়ি মাদারীপুরে। তিনি একসময় ছাত্রলীগের একটি ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি বাংলাদেশ ছেড়ে প্রথমে লিবিয়া এবং পরে ইতালিতে যান।


ভিডিওতে যাদের শনাক্ত করা গেছে

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও বিশ্লেষণে আরও কয়েকজনের পরিচয় পাওয়া গেছে।

শিপল মাহমুদ বিপ্লব : ভিডিওতে তাকে বাঁধনের দিকে বারবার পানি ছুড়ে দিতে দেখা যায়। তার বাড়ি শরীয়তপুরে। স্থানীয় ছাত্রলীগ নেতাদের ভাষ্য, তিনি ছাত্রলীগের কর্মী ছিলেন এবং বর্তমানে ইতালির ভেনিস শাখা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত।

ইলিয়াস মিয়া : ভিডিওতে তাকে বাঁধনের দিকে এগিয়ে গিয়ে থাপ্পড় দেওয়ার চেষ্টা করতে দেখা যায়। আঘাত লাগে অভিনেত্রীর হাতে এবং তার মুঠোফোন মাটিতে পড়ে যায়। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভেনিস শাখা আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে তার উপস্থিতির ছবিও পাওয়া গেছে।

আলতাফ পাহাড় : ভিডিওতে তাকে বাঁধনের কাছাকাছি অবস্থান করে বারবার হুমকি ও আক্রমণাত্মক আচরণ করতে দেখা যায়। তার বাড়ি শরীয়তপুরে। স্থানীয় সূত্রের দাবি, তিনি আগে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং বর্তমানে ইতালির ভেনিসে যুবলীগের সঙ্গে সম্পৃক্ত।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   ইতালি  বাঁধন  হামলা  হেনস্তা  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: