বিশ্বব্যাপী ইসরাইলিদের ওপর সশস্ত্র গোষ্ঠী ও বিভিন্ন ব্যক্তি হামলার সুযোগ খোঁজা অব্যাহত রেখেছে বলে সতর্কতা দিয়েছে দখলদার ইসরাইলের জাতীয় নিরাপত্তা কাউন্সিল। গত রোববার এক সতর্কতা বার্তায় তারা কিছু দেশে ইসরাইলিদের ভ্রমণ ও অবস্থান না করার জন্য বলেছে। যার মধ্যে বাংলাদেশও আছে। যদিও বাংলাদেশের সঙ্গে ইসরাইলের কোনো সম্পর্ক নেই এবং ইসরাইলিরা বাংলাদেশে আসে না।
সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট বলেছে, ইসরাইলের জাতীয় নিরাপত্তা কাউন্সিল ইসরাইলিদের ওপর ঝুঁকি নিয়ে নতুন মূল্যায়ন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, সামনে ইহুদিদের যেসব পবিত্র দিন আসছে সেগুলোকে লক্ষ্য করে ইসরাইলিদের ওপর সশস্ত্র গোষ্ঠৗ ও ব্যক্তির হামলার উচ্চ ঝুঁকি আছে।
তারা বলেছে— ইরান, লেবাননের হিজবুল্লাহ এবং ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরাইলের যুদ্ধ চলায় এ ঝুঁকি আরও বেড়েছে। এরমধ্যে ২০২৬ সালের অক্টোবরে হামাসের হামলার তিন বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন দেশে বড় ধরনের বিক্ষোভ দেখা দিতে পারে। যার কিছু ইসরাইলিদের বিরুদ্ধে সহিংস রূপও ধারণ করতে পারে।
ইসরাইলি এ সংস্থাটি বলেছে, হামাস ইউরোপ এবং অন্যান্য দেশে ইসরাইলিদের ওপর হামলা চালাতে কাজ করছে। এর সঙ্গে হুথিরা আফ্রিকা মহাদেশে ইসরাইলিদের ওপর হামলার কথা বলেছে। ইসরাইলের জাতীয় নিরাপত্তা কাউন্সিল বলেছে ইরানের আশাপাশের দেশগুলো ইসরাইলিদের ওপর হামলার জন্য সবচেয়ে বড় ঝুঁকিপূর্ণ স্থান।
বিশেষ করে আজারবাইজান, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতে এ ঝুঁকি বেশি। অপরদিকে জর্ডান, কাতার, সোমালিল্যান্ড এবং মিসর (সিনাই উপত্যকাসহ) ইসরাইলিদের জন্য ঝুঁকিপূর্ণ। এসব জায়গায় না যাওয়া এবং থাকলে সেখান থেকে সরে যেতে নির্দেশনা দিয়েছে ইসরাইলি এ সংস্থাটি। এ ছাড়া এসব দেশে যদি বিমানের ট্রানজিট থাকে, তা হলে বিমানবন্দর ত্যাগ না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সময়ের আলো/প্রিন্ট/জেডি