গাজীপুরের কালিয়াকৈরে আলুয়া বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নৌকা থেকে পানিতে পড়ে সামসুল হক নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার চাপাইর ইউনিয়নের মেদীআশুলাই এলাকার আলুয়া বিলে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে কয়েকজন বন্ধু মাছ ধরতে আলুয়া বিলে আসেন। মাছ ধরার সময় হঠাৎ বজ্রপাত শুরু হলে সামসুল হক নৌকা থেকে পানিতে পড়ে যান। পরে তার সঙ্গে থাকা বন্ধুরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়দের সহায়তায় পানিতে তল্লাশি চালিয়ে সামসুল হকের মরদেহ উদ্ধার করা হয়।
পরে মরদেহটি তার গ্রামের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার শৈলাট (বাসবাড়ি) গ্রামে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
চাপাইর ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা ইফতেখার হাসান রায়হান চৌধুরী জানান, বিষয়টি আমার জানা নেই।
সময়ের আলো/জোই