ঝিনাইদহের হরিণাকুন্ডুতে প্রতিপক্ষের হামলায় মোনায়েম হোসেন নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ভায়না বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
নিহত মোনায়েম হোসেন ভায়না ইউনিয়নের কালীশংকরপুর গ্রামের মৃত আবুল মন্ডলের ছেলে। তিনি ভায়না ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওই ওয়ার্ডের সভাপতি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ৯টার দিকে ভায়না বাজারে একটি স্কুলের পাশে দাঁড়িয়ে ছিলেন মোনায়েম হোসেন। এ সময় অজ্ঞাত কয়েকজন তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এতে তিনি গুরুতর আহত হন।
তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন এ হামলা চালিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ওসি আরও বলেন, মরদেহ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আনার পর ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/এসএকে