পে-স্কেলের গেজেট কবে প্রকাশ হবে?

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইতোমধ্যে প্রজ্ঞাপনের রেজল্যুশন বাংলাদেশ সরকারি মুদ্রণালয় থেকে

2026-09-10T19:45:52+00:00
2026-09-10T20:03:08+00:00
 
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
পে-স্কেলের গেজেট কবে প্রকাশ হবে?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৫ পিএম  আপডেট: ১০.০৯.২০২৬ ৮:০৩ পিএম
প্রজ্ঞাপন জারির আগে শেষ মুহূর্তের আনুষ্ঠানিকতা চলছে। ছবি : সংগৃহীত
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইতোমধ্যে প্রজ্ঞাপনের রেজল্যুশন বাংলাদেশ সরকারি মুদ্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দফতরের বিভিন্ন ধাপ পেরিয়ে খসড়াটির ভেটিংও সম্পন্ন হয়েছে। এখন প্রজ্ঞাপন জারির আগে শেষ মুহূর্তের আনুষ্ঠানিকতা চলছে।

সম্ভাব্য তারিখ হিসেবে ১০ সেপ্টেম্বরের কথা সামনে থাকায় আজ গেজেট প্রকাশ হবে কি না, তা নিয়ে দিনভর আলোচনা চলছে। তবে, আজ ঠিক কখন গেজেট প্রকাশ হবে বা শেষ পর্যন্ত আজই তা জারি হবে কি না, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট সময় জানানো হয়নি।

গেজেট প্রকাশের প্রস্তুতি এগিয়ে থাকায় আজই প্রজ্ঞাপন জারির সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন। সরকারি চাকরিজীবীদের নজর এখন অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ের কার্যক্রমের দিকে।

গেজেটে কী থাকতে পারে

প্রস্তাবিত নতুন পে-স্কেলে মোট ২০টি গ্রেড রাখা হয়েছে। বিভিন্ন গ্রেডের মূল বেতন, বেতন বৃদ্ধির ধাপ, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত নির্দেশনা গেজেটে থাকার কথা।

নতুন বেতন কাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, বর্ধিত মূল বেতন একবারে পুরোপুরি কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

প্রস্তাব অনুযায়ী, ১০ম থেকে ২০তম গ্রেডে বর্ধিত অংশের ৫০ শতাংশ প্রথম ধাপে, ২৫ শতাংশ দ্বিতীয় ধাপে এবং বাকি ২৫ শতাংশ তৃতীয় ধাপে কার্যকর হবে। আর প্রথম থেকে নবম গ্রেডে বর্ধিত অংশের ৪০ শতাংশ, ৩০ শতাংশ ও ৩০ শতাংশ হারে তিন ধাপে নতুন মূল বেতন কার্যকর করার পরিকল্পনা রয়েছে।


যেভাবে বাড়তে পারে মূল বেতন

নতুন কাঠামোয় তুলনামূলকভাবে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন বেশি বাড়ানোর প্রস্তাব রয়েছে। ২০তম গ্রেডের বর্তমান ৮ হাজার ২৫০ টাকা মূল বেতন বেড়ে ২০ হাজার টাকা হওয়ার কথা। তিন ধাপে এ গ্রেডের মূল বেতন দাঁড়াবে যথাক্রমে ১৪ হাজার ১২৫ টাকা, ১৭ হাজার ৬২ টাকা ৫০ পয়সা এবং ২০ হাজার টাকা।

প্রথম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে। তিন ধাপে এ গ্রেডের মূল বেতন দাঁড়াবে যথাক্রমে ১ লাখ ৯ হাজার ২০০ টাকা, ১ লাখ ৩২ হাজার ৬০০ টাকা ও ১ লাখ ৫৬ হাজার টাকা।

নবম গ্রেডের মূল বেতনও ২২ হাজার টাকা থেকে দ্বিগুণ হয়ে ৪৪ হাজার টাকা হওয়ার কথা। তিন ধাপে এ গ্রেডের মূল বেতন দাঁড়াবে যথাক্রমে ৩০ হাজার ৮০০ টাকা, ৩৭ হাজার ৪০০ টাকা ও ৪৪ হাজার টাকা।

তবে, নতুন পে-স্কেলে বর্ধিত মূল বেতন কার্যকর হলেও সব ধরনের ভাতা একই সময়ে নতুন হারে কার্যকর হবে না। প্রস্তাব অনুযায়ী, বাড়িভাড়া, চিকিৎসা, শিক্ষা ও যাতায়াতসহ বিভিন্ন ভাতা নতুন কাঠামোয় ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত বেতন ও ভাতার বিষয়ে এসব তথ্যকে প্রস্তাবিত কাঠামো হিসেবেই বিবেচনা করতে হবে। চূড়ান্ত প্রজ্ঞাপন প্রকাশের পরই নতুন পে-স্কেলের বিস্তারিত বিষয়গুলো স্পষ্ট হবে।

সময়ের আলো/মহু
  বিষয়:   পে-স্কেল  গেজেট  প্রকাশ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: