দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট শেখ হাসিনার আমল থেকেই চলে আসছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁর দাবি, ওই সময় থেকেই দেশে নানা ধরনের দুর্নীতি হয়েছে। এখনও এসব সংকট পুরোপুরি কাটেনি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে নিজের নির্বাচনি এলাকা ঢাকা-১১ আসনের সাতারকুল স্কুল অ্যান্ড কলেজে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম। এর আগে তিনি এলাকার বিভিন্ন মহল্লা পরিদর্শন করেন।
নাহিদ ইসলাম বলেন, দেশের গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিরোধী দল মাঠে থাকবে। গত সাত মাসে সরকার যথাযথ উদ্যোগ নিলে বিদ্যমান সংকট মোকাবিলা আরও সহজ হতো বলেও মন্তব্য করেন তিনি।
গত নির্বাচনের প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, সাতারকুলের মানুষ চাঁদাবাজদের প্রত্যাখ্যান করেছেন। ভবিষ্যতেও জনগণ তাদের নির্বাচিত করবে না।
এলাকার উন্নয়ন বরাদ্দ নিয়েও কথা বলেন নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, সরকারি দলের মতো বিরোধী দল উন্নয়ন বরাদ্দ পায় না। ফলে ইচ্ছা থাকলেও এলাকার উন্নয়ন নিয়ে প্রয়োজনীয় পরিকল্পনা করা সম্ভব হয় না।
সরকার ও বিরোধী দলের জন্য সমান উন্নয়ন বরাদ্দ নিশ্চিত করা উচিত বলেও মন্তব্য করেন এনসিপির এই নেতা।
সময়ের আলো/এসএকে