জয়পুরহাট সদর উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন, একটি এয়ারগান ও দুটি ধারালো রামদা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা অস্ত্র ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব। এর আগে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার ঘোনাপাড়া গ্রামের ফিপ্রি ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব-৫ ও সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের একটি দল ঘোনাপাড়া গ্রামের ফিপ্রি ব্রিজসংলগ্ন এলাকায় সংঘবদ্ধ ডাকাত দলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা সঙ্গে থাকা অস্ত্র ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন, একটি এয়ারগান ও দুটি ধারালো রামদা উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্রগুলো সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে জয়পুরহাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৫ ও সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক সাইদ আনোয়ার রাহি। তিনি বলেন, এলাকায় অপরাধ দমন ও চিহ্নিত অপরাধীদের গ্রেফতারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
সময়ের আলো/জোই