ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন নাটোরের সিংড়া উপজেলার তেলীগ্রামের ৩৩ বছর বয়সী আবুল বাশার। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকা। কিন্তু রোগাক্রান্ত হয়ে চাকরি হারিয়ে ফেলা এই যুবকের পক্ষে চিকিৎসার ব্যয় বহন করা অসম্ভব হয়ে পড়েছে।
নাটোরের সিংড়ার শেরকোল ইউনিয়নের তেলীগ্রামের মৃত আব্দুল মোত্তালীব ও শিরিনা বেগম দম্পতির পাঁচ সন্তানের মধ্যে সবার ছোট বাশার। স্নাতক ডিগ্রিধারী আবুল বাশার অসুস্থ হওয়ার আগে পাট অধিদফতরের একটি প্রকল্পে আউটসোর্সিংয়ে চাকরি করতেন। কিন্তু ক্যানসার বাসা বাঁধার পর শারীরিক সক্ষমতা হারিয়ে সেই চাকরিটিও চলে যায়। ফলে বর্তমানে তার আয়ের সব পথ বন্ধ।
পরিবার সূত্রে জানা যায়, বিভিন্ন জনের সহায়তায় এ পর্যন্ত মাত্র দুই লাখ টাকার মতো সংগ্রহ হয়েছে, যা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য।
চিকিৎসার আকুতি জানিয়ে আবুল বাশার বলেন, বাঁচার ইচ্ছা আছে, প্রয়োজন শুধু আপনাদের সহযোগিতা। আপনাদের সামান্য সাহায্যই আমার চিকিৎসার পথে বড় আশার আলো হতে পারে।
ছেলের জীবন বাঁচাতে সমাজের বিত্তবান, প্রবাসী ও হৃদয়বান মানুষের প্রতি আকুল আবেদন জানিয়েছেন তার মা শিরিনা বেগম।
সহযোগিতা পাঠানোর ঠিকানা
বিকাশ/নগদ/রকেট (পার্সোনাল) ০১৭২২৩২০২০৮
ইসলামী ব্যাংক, সিংড়া শাখা ২০৫০৪১৪০২০০৭৮৪৩০০
সোনালী ব্যাংক, সিংড়া শাখা ৪৯১২২০১০৩১৯৪০
সময়ের আলো/জোই