দীর্ঘ অপেক্ষার অবসান। উচ্চ আদালতের রায়ে নিশ্চিত হয়েছে, দক্ষিণ গফরগাঁও উপজেলা ভবন নয়াবাড়ি মৌজাতেই স্থাপন করা হবে। আদালতের এই চূড়ান্ত সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়তেই উৎসবে মেতে উঠেছেন দক্ষিণ গফরগাঁওয়ের ৮ ইউনিয়নের লাখো মানুষ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রিট পিটিশনের শুনানি শেষে হাইকোর্ট পূর্বের আদেশ বহাল রেখে আবেদনটি ডিসচার্জ করে দেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ওসমান চৌধুরী বলেন, সরকারই সর্বোচ্চ কর্তৃপক্ষ। নিকার-এর সিদ্ধান্ত অনুযায়ী সদর দপ্তর নির্ধারণ করা হয়েছে। এখানে কোনো বিধি-বহির্ভূত কাজ হয়নি। তাই আদালত পিটিশনটি খারিজ করেছেন। সংক্ষিপ্ত রায়ের ফলে উপজেলার কার্যক্রম পরিচালনায় আর কোনো আইনি বাধা থাকল না।
এর আগে, পাগলা থানা এলাকায় সদর দপ্তর স্থাপনের দাবিতে একটি রিট দায়ের করা হয়েছিল। সোমবার আদালত সেই রিটও খারিজ করে দেন।
আদালতের রায়ের খবর মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিকেলেই কান্দিপাড়া বাজার থেকে বের হয় বিশাল আনন্দ মিছিল। মিছিলকারীদের হাতে ছিল ‘নয়াবাড়িতেই দক্ষিণ গফরগাঁও উপজেলা সদর চাই’ লেখা ব্যানার ও ফেস্টুন।
মিছিলটি নয়াবাড়ি মৌজায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সেখানে বক্তারা আদালতের রায়কে স্বাগত জানানোর পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুকে ধন্যবাদ জানান।
এমপি আক্তারুজ্জামান বাচ্চু বলেন, কান্দিপাড়া সংলগ্ন উস্থি ইউনিয়নের ১৪৩ নম্বর জে.এলভুক্ত নয়াবাড়ি মৌজায় উপজেলা পরিষদ কার্যালয় নির্মাণ ও কার্যক্রম পরিচালনায় এখন আর কোনো বাধা নেই।
সমাবেশে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. ইসহাক, সাবেক সাংগঠনিক সম্পাদক এ.কে.এম আনছারউদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, উপজেলা কার্যকর হলে ৮ ইউনিয়নের মানুষ ঘরের কাছেই প্রশাসনিক সেবা পাবেন। এতে গফরগাঁও সদরে যাতায়াতের ভোগান্তিও কমবে।
পরিদর্শনে আসা বিভাগীয় কমিশনার এস. এম. হুমায়ুন কবির স্থানীয়দের উদ্দেশে বলেন, আপনাদের দাবি ও এলাকার বাস্তবতা আমি নিজে দেখেছি। জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দক্ষিণ গফরগাঁও উপজেলা স্থাপনের কাজ দ্রুত এগিয়ে নেওয়া হবে।
তার এই ঘোষণার পরপরই আবারও আনন্দ মিছিল বের করেন উৎসুক জনতা।
স্থানীয়দের মতে, নয়াবাড়ি মৌজা দক্ষিণ গফরগাঁওয়ের প্রাণকেন্দ্র। এখানে সদর দপ্তর হলে ৮টি ইউনিয়নের মানুষ প্রায় সমান দূরত্বে সেবা পাবেন।
উপস্থিত সবাই অবিলম্বে প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে নয়াবাড়িতে দক্ষিণ গফরগাঁও উপজেলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর জোর দাবি জানান।
আদালতের রায়কে কেন্দ্র করে পুরো এলাকায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
সময়ের আলো/ইউএমএইচ