হবিগঞ্জের মাধবপুরে কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে লিটন সরকার (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার তেলিয়াপাড়া নোয়াহাটি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত লিটন সরকার নোয়াহাটি এলাকার ঠাকুর ধন সরকারের একমাত্র ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে লিটন সরকার বাড়ির পাশে কৃষি জমিতে কাজ করতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে তার পরিবারের সদস্যদের খবর দেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
লিটনের আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, লিটন সরকার নামে এক কৃষক বজ্রপাতে মারা যাওয়ার সংবাদ পেয়েছি। পরিবারের পক্ষ থেকে বিষয়টি অবগত করা হলে পুলিশ ঘটনাস্থলে যায়।
সময়ের আলো/জোই