হবিগঞ্জের বাহুবলে হাওরে কৃষিকাজ করার সময় বজ্রপাতে সাইফুল ইসলাম (১৭) নামে কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সাতকাপন ইউনিয়নের মানিকা গ্রামের পাশের হাওরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল উপজেলার সাতকাপন ইউনিয়নের মানিকা গ্রামের বাসিন্দা আম্বর উল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরের দিকে সাইফুল হাওরে কৃষিকাজ করতে যান। আনুমানিক বেলা ২টার দিকে হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় সাইফুলকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন জানান, হাওরে কৃষিকাজ করার সময় ওই কিশোর মারা যান বলে খবর পেয়েছি।
সময়ের আলো/এনএন