প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১০:০৮ পিএম
নিহত ভূমিকা রানী দাস। ছবি : সংগৃহীতলক্ষ্মীপুরের কমলনগরে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অকৃতকার্য হয়ে ভূমিকা রানী দাস (১৮) নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এর আগে, শনিবার (৩১ অক্টোবর) দুপুরে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।
নিহত ভূমিকা রানী উপজেলার হাজিরহাট উপকূল সরকারি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তিনি কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের করুনানগর বাজার এলাকার রঞ্জিত চন্দ্র দাস ও শিখা রানী দাস দম্পতির মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে অকৃতকার্য হন ওই শিক্ষার্থী। বিষয়টি কিছুতেই মেনে নিতে পারেননি ভূমিকা। পরে পরিবারের সবার অগোচরে নিজের ঘরে গলায় ফাঁস দেন তিনি। টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধারের চেষ্টা করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
এ বিষয়ে কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সময়ের আলো/আতা