প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৯:১৫ পিএম
পারিবারিক কবরস্থানে জসিমের মরদেহ দাফন করা হয়। ছবি : সংগৃহীতসৌদি আরবে হত্যার শিকার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার প্রবাসী মো. জসিম উদ্দিনের মরদেহ অবশেষে দেশে আনা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) তার মরদেহ দেশে পৌঁছায়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি মর্তুজা মাহবুব এবং প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আল আমিনের সহযোগিতায় মরদেহ দেশে আনা সম্ভব হয়েছে।
শনিবার বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে জসিমের মরদেহ দাফন করা হয়।
জসিম উদ্দিন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঘাসিরচর গ্রামের আইয়ুব আলীর ছেলে। তিনি সৌদি আরবের আল কাসিম এলাকার আল গাম্মাসে একটি মাজরায় (খামার) শ্রমিক হিসেবে কাজ করতেন।
পরিবার সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর প্রায় চার লাখ টাকা পাঠানোর উদ্দেশ্যে এক সহকর্মীর সঙ্গে বের হন জসিম। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। কয়েক দিন পর সৌদি আরবের আল কাসিমের একটি মরুভূমি থেকে বালুচাপা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হয়, তাকে হত্যার পর মরদেহ বালুর নিচে চাপা দেওয়া হয়েছিল। পরে জসিমের মোবাইল ফোন ব্যবহার করে তার স্ত্রী ও স্বজনদের কাছে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
এ ঘটনায় মতলব উত্তর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় সৌদি আরবের পুলিশ সাব্বির নামে একজনকে গ্রেফতার করেছে।
জসিমের মৃত্যুর পর তার মরদেহ দেশে ফিরিয়ে আনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। একপর্যায়ে সাংবাদিক শামীম মিয়াজীর মাধ্যমে যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি মর্তুজা মাহবুবের সঙ্গে যোগাযোগ করেন স্বজনরা। পরে মর্তুজা মাহবুবের সহযোগিতায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুরের সঙ্গে যোগাযোগ করা হয়। তাদের উদ্যোগে সরকারের সংশ্লিষ্ট দফতরের সহযোগিতায় অবশেষে জসিমের মরদেহ দেশে আনা সম্ভব হয়।
যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি মর্তুজা মাহবুব বলেন, আমার এলাকার একজন প্রবাসী বিদেশে নিহত হয়েছেন। তার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য কাজ করা আমাদের দায়িত্ব। সেই জায়গা থেকে আমি প্রতিমন্ত্রী নুরুল হক নুর ভাইয়ের কাছে গিয়েছি। তিনি আন্তরিক প্রচেষ্টা চালিয়ে দ্রুত জসিমের মরদেহ দেশে আনার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দিয়েছেন। যদিও তার মরদেহ দেশে আনা নিয়ে অনিশ্চয়তা ছিল, অবশেষে আমরা এ কাজে সফল হয়েছি।
এদিকে জসিমের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সহযোগিতা করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। তারা বিশেষভাবে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর, তার ব্যক্তিগত সহকারী আল আমিন এবং যুব অধিকার পরিষদ নেতা মর্তুজা মাহবুবকে ধন্যবাদ জানান।
সময়ের আলো/এনএন