সিএনজি চালিত অটোরিকশাসহ নিখোঁজ হওয়ার দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে অটোরিকশার কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নবীগঞ্জ উপজেলার সাতাইহাল গাজির মোকাম এলাকায় বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এরআগে, সোমবার হবিগঞ্জের বাহুবল বাজার এলাকা থেকে ওই চালক নিখোঁজ হন।
নিহত তুহিন মিয়া বাহুবল উপজেলার শংকরপুর (ইছবপুর) গ্রামের আবদুল্লাহ মিয়ার ছেলে।
নিহতের মামা কাজল মাহমুদ জানান, সোমবার রাতে বাহুবল বাজার এলাকা থেকে সিএনজি অটোরিকশাসহ নিখোঁজ হন তুহিন। এরপর তার পরিবারের লোকজন ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। মঙ্গলবার এ ব্যাপারে বাহুবল থানায় জিডি এন্ট্রি করেন তারা।
স্থানীয়রা জানান, বুধবার সকালে নবীগঞ্জের সাতাইহাল গাজির মোকাম এলাকায় রাস্তার পাশে একটি বাঁশঝাড়ের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশের একটি দল গিয়ে মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ তুহিনের বলে শনাক্ত করেন।
তুহিনের পরিবারের ধারণা, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হতে পারে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও নিশ্চিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হোসাইন জানান, বুধবার সকালে স্থানীয়রা ফোন করে একটি মরদেহ পড়ে থাকার খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে হবিগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে বলেও জানান তিনি।
সময়ের আলো/এনএন