পবিত্র নগরী মক্কা, কাবা ও অন্যান্য মুসলিম ধর্মীয় স্থানকে ‘যুদ্ধের ব্যানার’ হিসেবে ব্যবহার করে ইয়েমেনে সামরিক অভিযান চালানোর পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা করছে সৌদি আরব— এমন অভিযোগ করেছেন এক হুথি নেতা।
তিনি বলেন, নিপীড়িত ইয়েমেনি জনগণের বিরুদ্ধে সামরিক অভিযানে অন্য দেশগুলোকে যুক্ত করতে সৌদি আরব পবিত্র স্থানগুলোকে ব্যবহার করছে।
হুথি নেতার দাবি, যুক্তরাষ্ট্র বর্তমানে সৌদি আরবে কার্যক্রম পরিচালনা করছে এবং দেশটিতে প্রায় ২০০ মার্কিন সেনা রয়েছে। তাদের বেশির ভাগই হুথি নিয়ন্ত্রিত এলাকায় সৌদি বিমান হামলার পরিকল্পনা ও সমন্বয়ের কাজ করছেন বলে অভিযোগ করেন তিনি।
গত কয়েক দিনে সৌদি আরব ৪৫০টির বেশি বিমান হামলা চালিয়েছে বলেও দাবি করেন ওই নেতা।
তার ভাষ্য, এসব হামলা উত্তর ইয়েমেনের মারিব ও আল-জাওফ থেকে শুরু করে মধ্য ও দক্ষিণাঞ্চলের আল-বাইদা ও লাহিজ এবং পশ্চিমাঞ্চলের তাইজ প্রদেশ পর্যন্ত চালানো হয়েছে। এসব এলাকায় সবচেয়ে বেশি সংঘর্ষ চলছে বলে উল্লেখ করেন তিনি।
হুথি নেতা বলেন, সৌদি আরব হুথিদের বিরুদ্ধে মক্কা নগরীতে হামলার অভিযোগ তুললেও তারা পবিত্র নগরী মক্কাকে লক্ষ্যবস্তু করেননি।
এ ছাড়া ইয়েমেনের জনগণকে নিপীড়ন এবং দেশটির সার্বভৌমত্ব, স্বাধীনতা ও নিজেদের পছন্দ অনুযায়ী সরকার গঠনের অধিকার থেকে বঞ্চিত করতে সৌদি আরব বহু বছর ধরে সামরিক অভিযান চালিয়ে আসছে বলেও অভিযোগ করেন হুথি নেতা।
সময়ের আলো/জেডি