মুহাম্মদ আলী জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় জিন্নাহর ছবি ভাঙার প্রসঙ্গ টেনে তিনি এ মন্তব্য করেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে কিশোরগঞ্জ জেলা ছাত্র ফোরামের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ফজলুর রহমান।
তিনি বলেন, মুহাম্মদ আলী জিন্নাহর বাড়ি ছিল গুজরাটে এবং তার জন্ম একটি মাছ বিক্রেতা পরিবারে। জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন। সেখানে মাছ বিক্রেতাদের ‘পুঞ্জা’ বলা হতো বলে দাবি করে ফজলুর রহমান বলেন, জিন্নাহর প্রকৃত নাম ছিল ‘জিন্নাহ পুঞ্জা’।
ফজলুর রহমানের ভাষ্য, জিন্নাহর পরিবার হিন্দু ছিল। মাছ বিক্রি করার কারণে উচ্চবর্ণের হিন্দু সমাজ তাদের ঘৃণা করত। পরে তারা মুসলমান হন এবং নাম পরিবর্তন করে মোহাম্মদ আলী জিন্নাহ রাখা হয়।
মুক্তিযুদ্ধের প্রসঙ্গও তুলে ধরেন ফজলুর রহমান। তিনি বলেন, ‘আমি কেবল মুক্তিযুদ্ধ করিনি, আমি মুক্তিযুদ্ধ সংঘটিতও করেছি। বাংলাদেশের পতাকা যে রাতে তৈরি হয়েছিল, আমি সেখানে উপস্থিত ছিলাম। শিব নারায়ণ দাসের ঘনিষ্ঠ কর্মী ছিলাম আমি।’
এ সময় মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কথা বলার সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।
সময়ের আলো/জেডি