বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় চিত্রনায়ক মরতুজা পলাশকে গ্রেফতার করা হয়েছে। শুটিং শেষে নেপাল থেকে দেশে ফেরার পর গত ২৮ আগস্ট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। মামলার এজাহারভুক্ত আসামি পলাশ বর্তমানে কারাগারে রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গ্রেফতারের পর পলাশকে রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা গেছে, অপু বিশ্বাস অভিনীত ‘শিকার’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে পলাশ নেপালে অবস্থান করছিলেন। আগস্টে শুরু হওয়া সিনেমাটির ২৫ দিনের বেশি শুটিং শেষ করার পর আকস্মিক বন্যার কারণে ২৮ আগস্ট দেশে ফেরে পুরো সিনেমা টিম। সেদিনই বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন পলাশ। তবে তার গ্রেফতারের খবর এতদিন প্রকাশ্যে আসেনি।
মামলা সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদের সময় সংশ্লিষ্ট ঘটনা এবং মামলার অন্য আসামিদের বিষয়ে পলাশের কাছ থেকে কিছু তথ্য পেয়েছে পুলিশ। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।
এদিকে পলাশ কারাগারে থাকায় তার অভিনীত ‘শিকার’ সিনেমার বাকি কাজও অনিশ্চয়তার মধ্যে পড়েছে। নেপালে সিনেমাটির বেশির ভাগ দৃশ্যের শুটিং শেষ হয়েছে। এখনও কয়েকটি দৃশ্য ও গানের শুটিং বাকি রয়েছে। নির্মাতা কামরুজ্জামান রোমান আগামী অক্টোবরে এসব কাজ শেষ করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু নায়ক কারাগারে থাকায় শুটিংয়ের চূড়ান্ত সময়সূচি ঠিক করতে পারছেন না তিনি।
এ বিষয়ে পরিচালক কামরুজ্জামান রোমান সংবাদমাধ্যমকে বলেন, নেপালে ‘শিকার’ সিনেমার বেশির ভাগ শুটিং সফলভাবে শেষ হয়েছে। আগামী অক্টোবরে দেশে ও অন্যান্য লোকেশনে বাকি কাজ শেষ করার পরিকল্পনা ছিল তাদের। কিন্তু নায়ক মরতুজা পলাশ বর্তমানে কারাগারে থাকায় শুটিংয়ের কোনো চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা সম্ভব হচ্ছে না।
তিনি আরও বলেন, পলাশ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি মোকাবেলা করছেন। প্রযোজনা প্রতিষ্ঠান ও সিনেমার পুরো টিম আশা করছে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি দ্রুত মুক্তি পাবেন। তবে আইনি জটিলতা দীর্ঘ হলে পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে। আপাতত অপেক্ষা করা ছাড়া তাদের হাতে অন্য কোনো উপায় নেই।
সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে নির্মিত হচ্ছে থ্রিলারধর্মী সিনেমা ‘শিকার’। আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে এতে মরতুজা পলাশ ও অপু বিশ্বাসের পাশাপাশি অভিনয় করছেন মাহমুদুল ইসলাম মিঠু, সুমন আনোয়ার এবং পশ্চিমবঙ্গের খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত ও শ্যাম ভট্টাচার্য।
সময়ের আলো/ইউএমএইচ