বাব আল-মান্দেব ঘিরে যুদ্ধের আগুন

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনী ও সৌদি নেতৃত্বাধীন বাহিনীর সংঘাত ভয়াবহ রূপ নিয়েছে। মাত্র ২৪ ঘণ্টায় দুই প্রদেশে ড্রোন,

2026-09-19T00:43:45+00:00
2026-09-19T00:43:45+00:00
 
  শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইয়েমেনে হুথিদের সঙ্গে তীব্র সংঘাত
বাব আল-মান্দেব ঘিরে যুদ্ধের আগুন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৩ এএম 
ইয়েমেনি সরকার সমর্থিত বাহিনী এবং ইরান-সমর্থিত হুথি বাহিনীর সংঘর্ষের কারণে দেশটির পশ্চিমাঞ্চলীয় তাজ প্রদেশের কাধা এলাকা থেকে বাস্তুচ্যুত হয়ে পালিয়ে আসা পরিবারগুলো বেঁচে থাকার জন্য সংগ্রাম করছে। অস্থায়ী একটি ক্যাম্পে আশ্রয় নেওয়া শিশুর চোখেও ফুটে উঠেছে হতাশা। ছবি : আলজাজিরা
ইয়েমেনে হুথি বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনী ও সৌদি নেতৃত্বাধীন বাহিনীর সংঘাত ভয়াবহ রূপ নিয়েছে। মাত্র ২৪ ঘণ্টায় দুই প্রদেশে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় প্রাণ গেছে অন্তত ৬৩ জনের। এরই মধ্যে লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগকারী কৌশলগত বাব আল-মান্দেব প্রণালিকে ঘিরে তৈরি হয়েছে নতুন সংকট। গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল ঝুঁকির মুখে পড়ায় ইতালি যুদ্ধজাহাজ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে, আর হুথিদের নিয়ন্ত্রণে রাখতে ইরানের ওপর প্রভাব খাটাতে বেইজিংয়ের দ্বারস্থ হয়েছে সৌদি আরব।

সেনাবাহিনীর কর্মকর্তাদের বরাতে জানা গেছে, হুথিদের নিক্ষেপ করা ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে ২৩ জন ইয়েমেনি সেনা নিহত হয়েছেন। অন্যদিকে হুথি সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সৌদি বিমান হামলা এবং ইয়েমেনি সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে তাদের ৪০ যোদ্ধা নিহত হয়েছেন।

আগস্টের শেষ সপ্তাহ থেকে সৌদি আরব ও হুথিদের মধ্যে উত্তেজনা দ্রুত বাড়তে থাকে। গত ৮ সেপ্টেম্বর থেকে ইয়েমেনে বিমান অভিযান শুরু করে সৌদি আরব। হুথিদের দাবি অনুযায়ী, ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সৌদি বিমানবাহিনী ১৩০টির বেশি অভিযান চালিয়েছে।

এর মধ্যে গত ১৬ সেপ্টেম্বর হুথিদের হামলায় একটি সৌদি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার দাবি করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বিধ্বস্ত যুদ্ধবিমানটির কাছে হুথি যোদ্ধাদের দেখা যায়।
সংঘাতের প্রভাব এখন ইয়েমেনের সীমানা ছাড়িয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথেও ছড়িয়ে পড়ছে।

বাব আল-মান্দেব প্রণালিতে হুথিদের তৎপরতা বাড়ায় বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থলে অবস্থিত এই নৌপথ মধ্যপ্রাচ্যের জ্বালানি ও আন্তর্জাতিক বাণিজ্য পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ।

পরিস্থিতির মধ্যে নিজেদের বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বাব আল-মান্দেবে যুদ্ধজাহাজ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইতালি। দেশটির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের যৌথ সিদ্ধান্তের জন্য ইতালি অপেক্ষা করবে না। নিজেদের সক্ষমতা ব্যবহার করে ওই নৌপথে ইতালির বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখার উদ্যোগ নেওয়া হবে।

এর মধ্যেই সৌদি আরবের একটি বিমানঘাঁটিতে হুথিদের হামলায় ইতালির একটি এফ-২০০০ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ক্রোসেত্তো। তায়েফ বিমানঘাঁটিতে ‘অপারেশন ইনহারেন্ট রিজলভ’-এর অংশ হিসেবে অবস্থানরত ইতালীয় সেনাদের ব্যবহৃত অন্য কোনো যান বা অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি এবং কোনো সেনা হতাহত হননি বলেও তিনি জানিয়েছেন।

এদিকে হুথিদের অগ্রসর হওয়ার ঘটনায় কূটনৈতিক তৎপরতাও শুরু হয়েছে। সৌদি আরবের অনুরোধের পর হুথিদের নিয়ন্ত্রণে রাখতে ইরানের প্রতি ব্যক্তিগতভাবে আহ্বান জানিয়েছে চীন। বিষয়টি সম্পর্কে অবগত তিন ইরানি সূত্রের বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ইরানের ওপর হুথিদের প্রভাব রয়েছে বলে মনে করে চীন। সেই প্রভাব কাজে লাগিয়ে সংঘাতের বিস্তার ঠেকানো এবং বিশেষ করে জ্বালানি পরিবহন ও বাণিজ্যিক নৌপথে অস্থিতিশীলতা কমানোর চেষ্টা করছে বেইজিং বলে ইরানি সূত্রগুলো জানিয়েছে।

প্রকাশ্যে চীন সংঘাতে সংযম, সংলাপ এবং নিরাপদ নৌ চলাচল পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছে। তবে ব্যক্তিগত পর্যায়ে ইরানের কাছে আরও সরাসরি বার্তা দেওয়া হয়েছে বলে সূত্রগুলোর দাবি। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, আঞ্চলিক স্থিতিশীলতার জন্য প্রথমে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধ বন্ধ হওয়া প্রয়োজন। 

এর আগে হুথিরা বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রদের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়েছে। জাহাজ চলাচল নিরাপদ রাখতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নও ওই অঞ্চলে সামরিক তৎপরতা চালিয়েছে। তবে ইয়েমেনে সংঘাত নতুন করে বাড়ায় বাব আল-মান্দেবের নিরাপত্তা পরিস্থিতি এখনও অনিশ্চিত।

ইয়েমেনের রক্তক্ষয়ী সংঘাত তাই এখন শুধু একটি দেশের অভ্যন্তরীণ যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ নেই। গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা, জ্বালানি পরিবহন, আন্তর্জাতিক বাণিজ্য এবং ইরানকে ঘিরে কূটনৈতিক তৎপরতা— সবকিছু মিলিয়ে বাব আল-মান্দেবকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের সংকট আরও বিস্তৃত হচ্ছে।

সময়ের আলো/প্রিন্ট/কেএইচও
  বিষয়:   ইয়েমেন  হুথি  তীব্র সংঘাত  যুদ্ধ  আগুন 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: