রাজধানীর মাতুয়াইলে একটি দূরপাল্লার বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই রাতে শাহবাগ ও মহাখালীতে পৃথক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে কদমতলী থানার শান্ত ফিলিং স্টেশনের পাশের প্রধান সড়কে পার্ক করে রাখা ঠিকানা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এ সময় বাসটির চালক ভেতরে ঘুমিয়ে ছিলেন।
কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) আরিফ হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। এ ঘটনায় কেউ হতাহত হননি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, খবর পাওয়ার পর দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ১টা ৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে বাসটির নাম জানা যায়নি।
এর আগে শনিবার রাত সাড়ে ১১টার দিকে শাহবাগের তিন নেতার মাজার-সংলগ্ন এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, তিন নেতার মাজারের পাশে মেট্রোর ৫২৭ নম্বর পিলারের নিচে একটি ককটেল বিস্ফোরিত হয়। রাত সাড়ে ১১টা থেকে ১১টা ৪০ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অপরদিকে, রাত পৌনে ১টার দিকে মহাখালীর আমতলীতে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সময়ের আলো/এসএকে