দীর্ঘদিন ধরেই অভিনয়ে নেই একসময়ের জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষ। নাটক-সিনেমায় তার চাহিদা থাকলেও ২০২০ সালে বিয়ের পর থেকে লাইট-ক্যামেরায় অনিয়মিত হয়ে পড়েন তিনি। অভিনয়ের চেনা জগৎ ছেড়ে অন্য ভুবনে নতুন এক অধ্যায় শুরু করেছেন অপর্ণা।
বর্তমানে স্বামীর সঙ্গে জাপানে বসবাস করছেন এই অভিনেত্রী। তার বাবাও সেখানে থাকেন। জাপানে একটি স্কুলে শিক্ষকতা করছেন তিনি। সম্প্রতি এক গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন অপর্ণা।
তিনি বলেন, ‘এখানে শিক্ষকতা করছি। ভালো আছি। কিন্তু প্রতিদিন বাংলাদেশকে মিস করি। প্রতিমুহূর্তে মিস করি। হাজার হলেও আমার দেশ তো। দেশকে খুব ভালোবাসি। এখানে ভালো আছি, তারপরও নিজের দেশকে সবচেয়ে বেশি ভালোবাসি।’
অভিনয়ের চেনা আঙিনা ছেড়ে নতুন এ পেশা বেছে নিলেও মনের এক কোণে কাজ করে অভিনয়ের প্রতি গভীর ভালোবাসা। অপর্ণা বলেন, ‘নাটক-সিনেমার জগৎ থেকে দূরে থাকতে তো খারাপ লাগছেই। শুটিংয়ের দিনগুলো খুব মিস করি। আমরা তো সবাই একটা পরিবারের মতো ছিলাম।’
এই অভিনেত্রী জানান, অভিনয়ে দীর্ঘদিন কাজ করার কারণে সহকর্মী ও লাইট-ক্যামেরার যে অভ্যাস তৈরি হয়েছিল, তা থেকে হঠাৎ দূরে সরে আসা মানসিকভাবে বেশ কঠিন ছিল। তবে নতুন পরিবেশ আর ছোট ছোট শিশুর সঙ্গে সময় কাটানো তার এই শূন্যতা কিছুটা হলেও দূর করছে।
ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে সখ্যতা অপর্ণার। তার বাবা মঞ্চনাটকের সঙ্গে যুক্ত থাকার সুবাধে প্রায় মহড়ায় যেতেন তিনি। ছোট বয়সে সেই সময়ের মঞ্চের আলোচিত নাটকগুলো উপভোগ করেন তিনি। তখন থেকেই অভিনয়ের প্রতি তার ভালোবাসা জন্মে। অভিনয়ের শুরুটা হয় মঞ্চনাটক দিয়েই। তবে ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে আগমন ঘটে অপর্ণার। এরপর টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেন। তারপর নাম লেখান টিভি নাটকে। তার অভিনীত প্রথম নাটক ‘ভালোবাসি তবুও’। এতে তার বিপরীতে অভিনয় করেছিলেন অপূর্ব। তবে ‘হাউজফুল’ ধারাবাহিক নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি। নাটকের পাশাপাশি সিনেমাতেও কাজ করেছেন অপর্ণা।
‘মৃত্তিকা মায়া’ ও ‘গণ্ডি’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এই অভিনেত্রী। এ ছাড়া অসংখ্য সম্মাননা রয়েছে তার ঝুলিতে। অভিনয়ের বিরতি ভেঙে অপর্ণা ঘোষ আবার কবে ক্যামেরার সামনে দাঁড়াবেন, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে প্রবাসের এই নতুন পরিচয় ও দায়িত্ব তিনি বেশ উপভোগ করছেন।
সময়ের আলো/প্রিন্ট/কেআই