অভিনয়ের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের শুভেৃচ্ছা দূত হিসেবেও দায়িত্ব পালন করেন ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া। সেই ধারাবাহিকতায় এবার দেশীয় ফুটওয়্যার ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যারের সঙ্গে নতুন চুক্তিতে আবদ্ধ হয়েছেন তিনি।
সম্প্রতি রাজধানীর ঢাকা রিজেন্সি হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে নতুন পণ্য উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। সেখানে অন্যতম আকর্ষণ ছিলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। এদিন স্টেপ ফুটওয়্যারের বিভিন্ন ব্র্যান্ড প্রচারমূলক কার্যক্রমে অংশ নিতে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিও স্বাক্ষর করেন তিনি।
এই প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘স্টেপ ফুটওয়্যারের মতো একটি জনপ্রিয় দেশীয় ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। ব্র্যান্ডের সঙ্গে কাজ করার ক্ষেত্রে পণ্যের মান, নকশা ও ক্রেতাদের আস্থাকে আমি গুরুত্ব দিই। স্টেপ ফুটওয়্যারের নতুন পণ্যগুলোতে আধুনিক নকশা, আরাম ও গুণগত মানের চমৎকার সমন্বয় আমাকে বিশেষভাবে আকৃষ্ট করেছে।’
এদিকে অভিনয়ে ব্যস্ত রয়েছেন ফারিয়া। মেহেদী হাসান হৃদয়ের নতুন সিরিজ ‘লাপাত্তা’তে কাজ করছেন তিনি। সিরিজটির শুটিং প্রায় শেষের দিকে। সবকিছু ঠিক থাকলে আসন্ন দুর্গাপূজায় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে সিরিজটি। সিরিজটি নিয়ে দর্শকের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। ইতোমধ্যে প্রথম দিনের শুটিংয়ের একটি ছবি প্রকাশ পেয়েছে, যেখানে নুসরাত ফারিয়াকে দেখা গেছে একেবারে ভিন্ন সাজে। ছবিতে লাল শাড়ি, হাতে ফুলের তোড়া আর পরনে ঐতিহ্যবাহী সাজে নজর কেড়েছেন তিনি। তার পাশেই দেখা যাচ্ছে লাল স্যুট পরা এক পুরুষ চরিত্রকে। পোস্টারে বেগুনি রঙের পোশাক, চোখে সানগ্লাস ও মুখে গোঁফ নিয়ে ভিন্ন লুকে রয়েছেন আরেকজন।
তবে ফারিয়ার চরিত্রের ধরন ও গল্পের বাঁক নিয়ে আপাতত রহস্যই রেখে দিয়েছেন নির্মাতারা। আর এই রহস্যই সিরিজটির প্রতি দর্শকের আগ্রহ আরও বাড়িয়ে দিচ্ছে।
অন্যদিকে ‘লজ্জা’ নামের নতুন আরেকটি সিনেমায় যুক্ত হয়েছেন ফারিয়া। ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিতব্য এই সিনেমার শুটিং আজ থেকে শুরু হওয়ার কথা। এই সিনেমায় অভিনেত্রী আজমেরী হক বাঁধনও অভিনয় করবেন। লজ্জার গল্প লিখেছেন আবদুল আজিজ। সিনেমাটি পরিচালনা করবেন এম এইচ খোকন।
সিনেমায় নিজের অভিনীত চরিত্রটি নিয়ে এখনই কিছু জানাতে চান না ফারিয়া। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখনই কিছু বলতে চাচ্ছি না আমার অভিনীত চরিত্র বা সিনেমাটির গল্প নিয়ে। তবে এটুকু বলতে পারি, এখন পর্যন্ত আমাকে এ ধরনের গল্পে বা চরিত্রে অভিনয় করতে দেখা যায়নি।’
সময়ের আলো/প্রিন্ট/কেআই