প্রথম সন্তানের মা হলেন টালিউডের অভিনেত্রী সোহিনী সরকার। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে তার কোলজুড়ে এসেছে পুত্রসন্তান। নবজাতক ও মা দুজনেই ভালো আছেন বলে ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন সোহিনীর স্বামী শোভন গঙ্গোপাধ্যায়।
২০২৪ সালে বিয়ের পর থেকে শোভন ও সোহিনীর ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ ছিল বেশ। তবে, নিজেদের সম্পর্ক ও ব্যক্তিগত মুহূর্ত নিয়ে বরাবরই কিছুটা আড়ালে থেকেছেন এই তারকা দম্পতি।
এর আগে ঘরোয়া সাধের অনুষ্ঠানের ছবি ও ভিডিও প্রকাশ করেছিলেন সোহিনী। এরপর থেকেই নতুন অতিথির অপেক্ষায় ছিলেন তার ভক্তরা। জুলাইয়ে বিবাহবার্ষিকীর দিন বেবিবাম্পের একগুচ্ছ ছবি প্রকাশ করে সোহিনী ও শোভন নিজেরাই জানিয়েছিলেন, তাদের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য।
অন্তঃসত্ত্বা অবস্থাতেও কাজ থেকে পুরোপুরি দূরে সরে যাননি সোহিনী। একাধিক সিনেমা ও সিরিজের শুটিং শেষ করেছেন তিনি। সন্তান জন্মের আগে শোভনকে সঙ্গে নিয়ে ছোট্ট একটি বেবিমুনেও গিয়েছিলেন অভিনেত্রী।
সেই ভ্রমণের অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে সোহিনী লিখেছিলেন, ‘আবার কবে কোথায় যেতে পারব জানি না। তাই একটা ছোট্ট পাহাড় ট্রিপ করে এলাম।’
সময়ের আলো/মহু