মালাইকা চৌধুরী। ছবি : সংগৃহীতছোট পর্দায় ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ছোট বোন মালাইকা চৌধুরী। স্বল্প সময়ের ক্যারিয়ারে গুটিকয়েক কাজ দিয়েই দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। নাটকের পাশাপাশি বিজ্ঞাপনেও মুগ্ধতা ছড়াচ্ছেন শোবিজের এই নতুন মুখ। তাকে নিয়ে লিখেছেন মাসুদুর রহমান।
চাহিদা থাকলেও অল্প কাজ করছেন মালাইকা। সংখ্যার চেয়ে কাজের মানের ওপর জোর দেওয়ায় তাকে অল্প কাজেই দর্শকরা মনে রাখছেন। সেই ধারাবাহিকতায় চলতি বছরে দুটি নাটক ও একটি বিজ্ঞাপনে অভিনয় করেছেন মালাইকা।
সর্বশেষ ‘প্রিয়জন’ নাটকে অভিনয় করেছেন তিনি। এসআর মজুমদারের গল্প ও পরিচালনায় নির্মিত এই নাটকে তার বিপরীতে রয়েছেন পার্থ শেখ। নাটকটির কাহিনিতে উঠে এসেছে পারিবারিক সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসা, অভিমান ও আপনজনকে ঘিরে মানুষের নানা আবেগ।
নাটকটিতে আরও অভিনয় করেছেন আবুল হায়াত, শহিদুজ্জামান সেলিম, দীপা খন্দকার, মিলি বাশার, বড়দা মিঠু ও বাশার বাপ্পীসহ অনেকে। পারিবারিক সম্পর্কের নানা সমীকরণ এবং ভুল বোঝাবুঝির কারণে মানুষের মধ্যে তৈরি হওয়া দূরত্বই নাটকটির অন্যতম বিষয়।
নিজের চরিত্র প্রসঙ্গে মালাইকা বলেন, ‘প্রিয়জন’র গল্পে পরিচিত কিছু সম্পর্ক ও অনুভূতির কথা উঠে এসেছে। আপনজনকে ঘিরে মানুষের প্রত্যাশা, আবেগ ও অভিমান তার চরিত্রের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। নাটকটি দর্শকদের সঙ্গে সংযোগ তৈরি করবে।
এর আগে ‘আমার রাজ্যে তুমি’ নাটকে অভিনয় করেন মালাইকা। এতে প্রথমবারের মতো অভিনেতা তৌসিফ মাহবুবের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। নাটকটি পরিচালনা করেছেন মাসরিকুল আলম। এতে আরও অভিনয় করেছেন কেয়া পায়েল। ভালোবাসা, ভাগ্য, বিচ্ছেদ ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। প্রচলিত প্রেমের গল্পের বাইরে সম্পর্কের জটিলতা ও বিচ্ছেদের পর মানুষের অনুভূতির পরিবর্তন তুলে ধরার চেষ্টা রয়েছে এতে। প্রচারে আসার পর নাটকটি দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে।
নাটকটিতে মালাইকার চরিত্রের নাম সাদিয়া জাহান বৃষ্টি। নিজের চরিত্র প্রসঙ্গে তিনি বলেন, গল্পটিতে আবেগ ও গভীরতা রয়েছে। গতানুগতিক রোমান্টিক গল্পের তুলনায় এটি কিছুটা আলাদা। দর্শক চরিত্রগুলোর সঙ্গে নিজেদের মিল খুঁজে পাবেন। তৌসিফ মাহবুবের সঙ্গে প্রথমবার কাজের অভিজ্ঞতাও ছিল ইতিবাচক।
ক্যারিয়ারের প্রথম নাটক ‘সন্ধিক্ষণ’ দিয়ে রিতিমতো হইচই ফেলেদিয়েছিলেন মালাইকা। মোস্তফা কামাল রাজের পরিচালনায় এ নাটকে মালাইকাকে দেখা গেছে ইরা চরিত্রে। অভিষেকে এমন সাফল্য খুব কম অভিনয়শিল্পীর বেলাতেই দেখা গেছে। অভিনয়ে কোনো অভিজ্ঞা না থেকেও তার অভিনয় দর্শকদের মুগ্ধ করার পাশাপাশি ভাবিয়েছে। এ নিয়ে মালাইকা বলেন, ‘এই নাটকটি হুট করে করা। শুটিংয়ের দুদিন আগে চিত্রনাট্য পেয়েছিলাম। পরিচালক রাজ ভাই পূর্ব পরিচিত হওয়ায় ক্যামেরার সামনে কোনো ভয় কাজ করেনি। জোভান ভাইসহ টিমের সবাই যথেষ্ট সহযোগিতা করেছেন।’
নাটকের পাশাপাশি বিজ্ঞাপনের কাজেও ব্যস্ততা রয়েছে মালাইকার। সম্প্রতি আপন জুয়েলার্সের বিশেষ বিজ্ঞাপনী আয়োজন ‘আপন ওয়েডিং মুনসুন’র কেন্দ্রীয় আকর্ষণ হিসেবে দেখা গেছে তাকে। আয়োজনটি বিয়ের মৌসুমের আনন্দ, ঐতিহ্য ও উৎসবকে কেন্দ্র করে নির্মিত। বিজ্ঞাপনটিতে মালাইকার সঙ্গে রয়েছেন মডেল রাজ মানিয়া। নির্মাতা মেহেদি হাছিবের পরিচালনায় তৈরি হয়েছে থিমেটিক বিজ্ঞাপনটি। এতে বিশেষ জিঙ্গেল, নৃত্য ও কোরিওগ্রাফির সমন্বয় ঘটানো হয়েছে। বিয়ের উৎসবের আবহকে নতুন প্রজন্মের উদযাপনের সঙ্গে যুক্ত করাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। এর আগেও ক্যারিয়ারের শুরুর দিকে বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন মালাইকা। সেগুলো দর্শক মহলে প্রশংসিত হয়েছে।
নাটক কিংবা বিজ্ঞাপন প্রতিটি কাজ নিয়েই দর্শকদের অফুরন্ত ভালোবাসা পাচ্ছেন মালাইকা। এ প্রসঙ্গে আমি সত্যিই সৌভাগ্যবান। প্রতিটি কাজে দর্শকদের এত ভালোবাসা পাচ্ছি যা ভাষায় প্রকাশ করা কঠিন। দর্শকের এই সমর্থনকে নিজের জন্য বড় অর্জন বলে মনে করি। ভবিষ্যতেও ভালো কাজ উপহার দিয়ে এই ভালোবাসা ধরে রাখতে চাই।
মালাইকা অভিনীত প্রতিটি নাটকই রোমান্টিক ঘরানার। বর্তমান সময়ের নাটকে রোমান্টিক ও কমেডির পাশাপাশি থাকছে সিরিয়াস গল্প। কাজের ক্ষেত্রে বাছ-বিছার প্রসঙ্গে মালাইকা বলেন, ‘অভিনয়ে আমি নতুন। নির্মাতারা যেভাবে চান সেভাবেই কাজ করছি। অনেক কিছুই আমার অজানা। অভিনয়ে পরিণত হলে অনেক কিছু বোঝা সহজ হবে। তবে আপাতত সহজ গল্পে আগ্রহ আমার। যে গল্প সহজে দর্শকের হৃদয়ে পৌঁছে যাবে। আমার অভিনীত তিনটি নাটকই দর্শকদের হৃদয় ছুঁয়েছে বলে মনে করি।’
দর্শক ও নির্মাতাদের কাছে মালাইকার চাহিদা থাকলেও অভিনয়ে নিয়মিত নন। পড়াশোনার ব্যস্ততার (নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়) পাশাপাশি তিনি খুব বেছে বেছে মানসম্মত গল্পে অভিনয় করছেন। মালাইকা বলেন, ‘অভিনয়ে নাম লেখালেও এখন পড়াশোনাকে গুরুত্ব দিচ্ছি। মূলত পড়াশোনার ফাঁকে আমার অভিনয় করা। নিয়মিত প্রস্তাব এলেও কাজ করা সম্ভব হয়ে ওঠে না।’
মালাইকার অভিনয়ের অনুপ্রেরণা বড় বোন মেহজাবীন। তার অভিনয়, নাম, যশ ও খ্যাতি মালাইকাকে আগ্রহী করেছে অভিনয়ে। তবে পারিবারিক পরিচয়ের বাইরে নিজের অভিনয় ও কাজের মধ্য দিয়ে আলাদা পরিচিতি গড়ে তোলার চেষ্টা করছেন মালাইকা। নিজেকে সেভাবেই সামনে এগিয়ে নিচ্ছেন বলে জানান।
অভিনয়ে আসার পরপরই অনেকে খুব সহজে জনপ্রিয় হতে চান। নিজেকে তৈরি না করে তারকা বনে যাওয়ার চেষ্টা করেন। মালাইকা কয়েকটি কাজের মাধ্যমে পরিচিতি পেলেও নিজেকে জনপ্রিয় বলতে নারাজ। তিনি বলেন, ‘খুব সহজে কিছু পাওয়ার স্থায়িত্ব হয় না। অল্প সময়ে হারিয়ে যায়। প্রকৃত অভিনয়শিল্পী হতে হলে অভিনয়ের প্রতি ভালোবাসা, পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে ধীরে ধীরে নিজেকে তৈরি করতে হবে। আমি সেই বিশ্বাস ও চেষ্টা নিয়েই আগাতে চাই।
ছোটপর্দার কাজ করে পরিচিতি পাওয়ার পর অনেকেই সিনেমায় কাজের প্রতি আগ্রহ প্রকাশ করেন। কিন্তু মালাইকার পরিকল্পনা ভিন্ন। এ প্রসঙ্গে তিনি বলেন, এই মাধ্যমটি অনেক বড়। এখানে নিজেকে উপস্থাপনের জন্য পরিপূর্ণ যোগ্যতা থাকা জরুরি। প্রস্তাব এলেও আমার পক্ষে সিনেমায় অভিনয় করা সম্ভব নয়। কারণ এখন সিনেমার জন্য উপযুক্ত আমি নই।
সময়ের আলো/জেডআই