এক শর্তে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’-এ ফিরতে চান জনি ডেপ

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

হলিউডের জনপ্রিয় সিনেমা সিরিজ ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’-এর নতুন কিস্তিতে আবারও ক্যাপ্টেন জ্যাক স্প্যারো হয়ে পর্দায় ফিরতে পারেন জনি ডেপ।

2026-11-03T17:18:23+00:00
2026-11-03T17:18:23+00:00
 
  মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
এক শর্তে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’-এ ফিরতে চান জনি ডেপ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৫:১৮ পিএম 
‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’-এর নতুন কিস্তিতে আবারও ক্যাপ্টেন জ্যাক স্প্যারো হয়ে পর্দায় ফিরতে পারেন জনি ডেপ। সংগৃহীত ছবি
হলিউডের জনপ্রিয় সিনেমা সিরিজ ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’-এর নতুন কিস্তিতে আবারও ক্যাপ্টেন জ্যাক স্প্যারো হয়ে পর্দায় ফিরতে পারেন জনি ডেপ। দীর্ঘদিন ধরেই সিরিজটির ষষ্ঠ সিনেমায় তার প্রত্যাবর্তন নিয়ে আলোচনা চলছে। এবার নিজেই এ বিষয়ে কথা বলেছেন এই অভিনেতা। জানিয়েছেন, সিনেমাটির মাধ্যমে সিরিজের একটি সুন্দর সমাপ্তি নিশ্চিত করতে পারলে তিনি ফিরতে আগ্রহী।   

সম্প্রতি নতুন সিনেমা ‘এবেনিজার’-এর প্রচারণায় এন্টারটেইনমেন্ট টুনাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে ডেপ তার আগ্রহের কথা জানান। এ সময় ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিরিজের প্রযোজক জেরি ব্রুকহাইমারের সঙ্গে কাজের সম্পর্ক নিয়েও কথা বলেন তিনি। 

ডেপ বলেন, সিরিজটির শেষ পর্ব কীভাবে আরও ভালো করা যায়, সে বিষয়ে পরিকল্পনা ঠিক থাকলে তিনি যুক্ত হতে চান। তার কথায়, ‘আমি সত্যিই শুধু চাই, তাদের একটি আরও ভালো সমাপ্তি উপহার দিতে।’

জেরি ব্রুকহাইমারের সঙ্গে কাজ করার বিষয়ে নিজের আস্থার কথাও তুলে ধরেন ডেপ। তিনি জানান, প্রযোজক হিসেবে ব্রুকহাইমারের প্রতি তার পূর্ণ বিশ্বাস রয়েছে। তাদের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও গভীর সম্পর্ক রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে, ২০২৫ সালের গ্রীষ্মে এন্টারটেইনমেন্ট উইকলিকে দেওয়া সাক্ষাৎকারে ব্রুকহাইমার জানিয়েছিলেন, নতুন সিনেমায় ডেপের প্রত্যাবর্তন নিয়ে তার সঙ্গে কথা হয়েছে। জ্যাক স্প্যারোর চরিত্রের চিত্রনাট্য পছন্দ হলে অভিনেতা ফিরতে পারেন বলে আশাবাদী ছিলেন তিনি। তবে সে সময় সিনেমাটির চিত্রনাট্য তৈরির কাজ চলছিল। 

২০০৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিরিজের পাঁচটি সিনেমায় জ্যাক স্প্যারো চরিত্রে অভিনয় করেন জনি ডেপ। তার অভিনয়ে সিনেমাগুলো বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায়। পাঁচটি সিনেমা মিলিয়ে আয় করে ৪৫০ কোটি ডলারের বেশি। এর মধ্যে ‘ডেড ম্যানস চেস্ট’ ও ‘অন স্ট্রেঞ্জার টাইডস’— দুটি সিনেমার আয় ছাড়িয়েছিল ১০০ কোটি ডলার।


তবে ব্যক্তিগত জীবন ও আইনি জটিলতার কারণে একপর্যায়ে ডিজনির এই ফ্র্যাঞ্চাইজিতে ডেপের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। ২০২০ সালে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য সানের বিরুদ্ধে করা মানহানির মামলায় হেরে যাওয়ার পর ‘ফ্যান্টাস্টিক বিস্টস’ সিরিজের পরবর্তী সিনেমা থেকে তাকে বাদ দেয় ওয়ার্নার ব্রাদার্স। পরে তার জায়গায় অভিনয় করেন ম্যাডস মিকেলসেন।

এরপর ২০২২ সালে সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে করা মানহানির মামলাও আলোচনায় আসে। ওয়াশিংটন পোস্টে প্রকাশিত হার্ডের একটি মতামতধর্মী লেখাকে কেন্দ্র করে করা ওই মামলায় জুরি বোর্ড ডেপের পক্ষে রায় দেয়। তবে একই মামলায় ডেপের একটি বক্তব্যের কারণে হার্ডও মানহানির শিকার হয়েছেন বলে সিদ্ধান্ত দেন জুরিরা।

এদিকে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’-এর ষষ্ঠ সিনেমা নির্মাণের পরিকল্পনা কয়েক বছর ধরেই চলছে। ২০২০ সালে ডিজনি দুটি সিনেমা নির্মাণের প্রাথমিক উদ্যোগ নেয়। এর মধ্যে একটি ছিল মার্গট রবিকে নিয়ে নতুন গল্প, অন্যটি মূল সিরিজের ষষ্ঠ কিস্তি। তবে ২০২২ সালে মার্গট রবি জানান, নারীপ্রধান গল্পের সিনেমাটি নির্মাণে ডিজনির আগ্রহ নেই।

পরে ২০২৪ সালে প্রযোজক ব্রুকহাইমার জানান, ষষ্ঠ সিনেমার চিত্রনাট্য লিখছেন জেফ নাথানসন। চিত্রনাট্যের শেষ অংশ নিয়ে সন্তুষ্ট হলেও গল্পের প্রথম ও দ্বিতীয় অংশে আরও কিছু কাজ বাকি রয়েছে বলে জানিয়েছিলেন তিনি। একই বছর ব্রুকহাইমার বলেন, সিনেমাটি নতুনভাবে তৈরি হলেও তার ইচ্ছা জনি ডেপকে আবারও জ্যাক স্প্যারো চরিত্রে রাখা। তার মতে, চরিত্রটির স্বতন্ত্র বৈশিষ্ট্য ও জনপ্রিয় রূপ তৈরিতে ডেপের বড় অবদান রয়েছে।

বর্তমানে ‘এবেনিজার’ সিনেমার মাধ্যমে হলিউডে নতুন করে আলোচনায় ফিরছেন জনি ডেপ। এ ছাড়া ২০২৮ সালে মুক্তির অপেক্ষায় রয়েছে তার আরেক সিনেমা ‘ডে ড্রিংকার’। এর মধ্যেই ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’-এ তার ফেরার সম্ভাবনা নতুন করে আশার আলো দেখাচ্ছে ভক্তদের।

সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান  জনি ডেপ 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: