প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১০:৫৪ পিএম
সংগৃহীত ছবিপল্লীকবি জসীমউদ্দীনের কালজয়ী কাব্যগ্রন্থ ‘সোজন বাদিয়ার ঘাট’ অবলম্বনে নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এটি পরিচালনা করছেন দেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল। সাহিত্যনির্ভর এই সিনেমাটি দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। এরই মধ্যে সিনেমাটির ৭০ শতাংশ শুটিং শেষ হয়েছে বলে জানিয়েছেন পরিচালক।
দুই ঘণ্টা দৈর্ঘ্যরে এই সিনেমার চিত্রনাট্যও লিখেছেন তানভীর মোকাম্মেল। এর চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন রাকিবুল হাসান এবং সম্পাদনা করছেন মহাদেব শি। শিল্প নির্দেশনায় উত্তম গুহ। আবহসংগীত পরিচালনা করছেন সৈয়দ শাবাব আলী আরজু। পোশাক পরিকল্পনা ও চরিত্র নির্বাচনের দায়িত্বে রয়েছেন চিত্রলেখা গুহ।
সিনেমাটির সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন সৈয়দ শাবাব আলী আরজু, সাগির মোস্তফা, সন্দীপ মিস্ত্রি ও অপরাজিতা সংগীতা। ছবিটির সহ-প্রযোজক হাসনা জসীমউদ্দীন মওদুদ।
১৯৩৩ সালে প্রকাশিত হয় জসীমউদ্দীনের কাব্যগ্রন্থ ‘সোজন বাদিয়ার ঘাট’। ভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের দুই তরুণ-তরুণীর প্রেমকে ঘিরে এগিয়েছে কাহিনি। কিন্তু সামাজিক ও ধর্মীয় বিভাজন তাদের ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়ায়। একপর্যায়ে প্রেমের গল্পটি করুণ পরিণতির দিকে এগিয়ে যায়।
‘সোজন বাদিয়ার ঘাট’ সিনেমাটির বিশেষত্ব হলো, এটি শুধু একটি প্রেমের গল্প নয়; বরং গ্রামীণ বাংলার জীবন, লোকজ সংস্কৃতি, সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক বাস্তবতা ও মানুষের আবেগের গল্পও তুলে ধরবে।
সিনেমায় সোজন চরিত্রে অভিনয় করছেন তনয় বিশ্বাস। দুলির চরিত্রে রয়েছেন রাদিফা নারমিন। এ ছাড়া দুই প্রধান চরিত্রের শৈশবের ভূমিকায় অভিনয় করছেন দিহান ও শ্রেয়া বৈদ্য।
‘সোজন বাদিয়ার ঘাট’ সিনেমায় আরও অভিনয় করছেন চিত্রলেখা গুহ, কাজী রাজু, জুবায়ের জাহিদ, আহসানুল হক মিনু, স্বপ্না বৈদ্য, শাহ আলম দুলাল ও রেজাউল করিম রেজাসহ অনেকে।
সময়ের আলো/কেএইচও