দাম বাড়ার খবরে রংপুরের পেট্রলপাম্পে দীর্ঘ সারি, সিরিয়াল নিয়ে হট্টগোল

রংপুর সংবাদদাতা

সারাদেশ

জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা আসার পর রংপুর নগরীর বিভিন্ন পেট্রলপাম্পে মোটরসাইকেল ও গাড়িচালকদের ভিড় বেড়েছে। রোববার রাত সাড়ে ১০টার

2026-09-21T05:43:31+00:00
2026-09-21T05:43:31+00:00
 
  সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
দাম বাড়ার খবরে রংপুরের পেট্রলপাম্পে দীর্ঘ সারি, সিরিয়াল নিয়ে হট্টগোল
রংপুর সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৩ এএম 
ছবি : সংগৃহীত
জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা আসার পর রংপুর নগরীর বিভিন্ন পেট্রলপাম্পে মোটরসাইকেল ও গাড়িচালকদের ভিড় বেড়েছে। রোববার রাত সাড়ে ১০টার পর থেকে পাম্পগুলোতে দীর্ঘ সারি দেখা যায়। কোথাও কোথাও সিরিয়াল নিয়ে ক্রেতাদের মধ্যে তর্ক-বিতর্ক ও হট্টগোলের ঘটনাও ঘটে। কয়েকটি পেট্রলপাম্প বন্ধ পাওয়া গেছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের রোববারের প্রজ্ঞাপন অনুযায়ী, ২১ সেপ্টেম্বর থেকে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ছে। নতুন দামে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা ও পেট্রল ১৬০ টাকায় বিক্রি হবে।

রাতেই নগরীর সিটি ফিলিং স্টেশন, মিজান ফিলিং স্টেশন ও মেসার্স চাঁদ পেট্রোলিয়ামসহ বিভিন্ন পাম্পে গাড়ি নিয়ে ক্রেতাদের দীর্ঘ সারিতে অপেক্ষা করতে দেখা যায়। শাপলা চত্বর এলাকার ইউনিক ফিলিং স্টেশন ও রহমান ফিলিং স্টেশন বন্ধ ছিল। তবে এসব পাম্পের সামনেও তেল নিতে আসা ক্রেতাদের অপেক্ষা করতে দেখা গেছে।

রাত সাড়ে ১১টার দিকে ব্যাংকের মোড় এলাকার সিটি ফিলিং স্টেশনে মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা যায়। পাম্পের সামনে অপেক্ষমাণ চালকেরা পেছন থেকে বারবার হর্ন দিচ্ছিলেন। অনেক ক্রেতা ট্যাংক ভর্তি করে তেল নিতে চাইলে এ নিয়ে তর্ক-বিতর্ক ও হট্টগোলের সৃষ্টি হয়। নগরীর অন্যান্য পাম্পেও প্রায় একই পরিস্থিতি দেখা যায়।

সিটি ফিলিং স্টেশনের কর্মচারী হযরত আলী বলেন, রাত পৌনে ১১টার দিকে হঠাৎ করে মোটরসাইকেল ও গাড়ি নিয়ে অনেকে তেল নিতে আসতে শুরু করেন। পরে তারা তেলের দাম বাড়ার খবর জানতে পারেন।


তিনি বলেন, ‘বেশির ভাগ মোটরসাইকেলচালক ট্যাংক ভর্তি করে তেল নিতে চাইছেন। কেউ ১ হাজার টাকার কমের তেল নিতে চাইছেন না। এ নিয়ে ক্রেতাদের মধ্যে হট্টগোলও হচ্ছে।’

তেল নিতে আসা মাহফুজুর রহমান মিলন বলেন, প্রতি লিটারে ২০ টাকা দাম বাড়ায় সাধারণ মানুষের ওপর চাপ আরও বাড়বে। ঠেলাঠেলির মধ্যে তিনি ৫০০ টাকার তেল নিতে পেরেছেন বলে জানান।

আরেক ক্রেতা মনিরুল ইসলাম বলেন, ফেসবুকে তেলের দাম বাড়ার খবর দেখে তিনি গাড়ি নিয়ে তেল নিতে বের হন। কয়েকটি পাম্পে দীর্ঘ সারি দেখার পর সিটি ফিলিং স্টেশনে এসে লাইনে দাঁড়ান।

বিভিন্ন পাম্পের কর্তৃপক্ষ জানায়, তেলের দাম বাড়ার খবর ছড়িয়ে পড়ার পরই হঠাৎ করে ভিড় বেড়ে যায়। অনেক ক্রেতা স্বাভাবিক সময়ের তুলনায় বেশি পরিমাণে তেল কিনছেন।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   দাম  রংপুর  পেট্রলপাম্প  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: