মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক ঘিরে হোয়াইট হাউসে সংবাদমাধ্যমের প্রবেশাধিকার নিয়ে চলা বিরোধের অবসান হয়েছে। আদালতের নির্দেশের পর সিএনএন, এমএস নাও এবং পলিটিকোর সাংবাদিকদের আবার হোয়াইট হাউসে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।
এর আগে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও দিনের শুরুতে এসব সংবাদমাধ্যমের সাংবাদিকদের হোয়াইট হাউস প্রাঙ্গণে প্রবেশে বাধা দেওয়া হচ্ছিল। এ নিয়ে সংবাদমাধ্যম ও প্রশাসনের মধ্যে বিরোধ তৈরি হয়।
পরে সংশ্লিষ্ট সাংবাদিকরা জানান, তাদের হোয়াইট হাউসে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। একই সঙ্গে হোয়াইট হাউসের সংবাদ কার্যক্রম পরিচালনার পরিচালক আদালতে দাখিল করা এক নথিতে জানিয়েছেন, সব সংবাদমাধ্যমের জন্য পূর্ণাঙ্গ প্রবেশাধিকার পুনর্বহাল করা হয়েছে।
ট্রাম্প-শি বৈঠকের আড়ালে সংবাদমাধ্যমের প্রবেশাধিকার নিয়ে কয়েক দিন ধরে চলা এই বিরোধে আদালতের হস্তক্ষেপের পর সর্বশেষ এ সিদ্ধান্ত এল।
সময়ের আলো/জেডি