নব্বই দশক থেকেই শিকড়ের সন্ধানে স্টুডিওর চার দেয়ালের বাইরে গিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে আয়োজন করে আসছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-এর বিভিন্ন পর্ব। সেই ধারাবাহিকতায় এবারের পর্ব ধারণ করা হয়েছে সীমান্তবর্তী জেলা জামালপুরে। এটি প্রচারিত হবে আজ শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে।
দেশের লোকজ ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, পুরাকীর্তি, পর্যটন এবং প্রত্যন্ত অঞ্চলের নানা অজানা গৌরবগাঁথা দর্শকের সামনে তুলে ধরা হবে এই নতুন পর্বে। পর্বটি ধারণ করা হয়েছে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত লাউচাপড়া অবসর বিনোদনকেন্দ্রের উন্মুক্ত চত্বরে।
এবারের পর্বে দুটি ভিন্ন ধারার গানের একটিতে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই ও তসিবা বেগম। অন্যটি জেলা পরিচিতিমূলক নৃত্যগীত। গানটিতে দ্বৈতকণ্ঠ দিয়েছেন মিজান মাহমুদ রাজীব ও সিঁথি সাহা। এর সঙ্গে নৃত্য পরিবেশনায় অংশ নিয়েছেন স্থানীয় বাঙালি ও গারো শিল্পীরা।
এ ছাড়া ‘ইত্যাদি’র এবারের পর্বে নিয়মিত আয়োজনের পাশাপাশি থাকছে বেশ কিছু তথ্যবহুল ও হৃদয়স্পর্শী প্রতিবেদন। বিদেশি প্রতিবেদনে তুলে ধরা হয়েছে প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তির অপূর্ব মেলবন্ধনে গড়ে ওঠা চীনের নয়নাভিরাম সুঝৌ শহরের চিত্র।
এ পর্বে আরও থাকছে কাশেম টিভির রিপোর্টার ও তার নাতির প্রাণবন্ত আলাপ। পাশাপাশি সামাজিক অসংগতি ও সমসাময়িক নানা প্রসঙ্গ নিয়ে নাট্যাংশ। এতে অভিনয় করেছেন সোলায়মান খোকা, সুভাশিষ ভৌমিক, আবদুল্লাহ রানা, আব্দুল আজিজ, জিল্লুর রহমান, আমিন আজাদ, আনন্দ খালেদ, মুকিত জাকারিয়া, সুমন পাটোয়ারী, আনোয়ার শাহী, তারিক স্বপন, সুজাত শিমুল, আবু হেনা রনি, সুবর্ণা মজুমদার, সাবরিনা নিসাসহ অনেকে। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।
সময়ের আলো/প্রিন্ট/কেআই