চট্টগ্রামের মিরসরাইয়ে দীর্ঘ ২৭ বছর দায়িত্ব পালনের পর মসজিদের ইমামকে বিদায় দিয়েছে এলাকাবাসী। বিদায়কালে এক লাখ টাকা উপহারের পাশাপাশি ক্রেস্ট ও বিভিন্ন উপহার দেওয়া হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার ১১নং মঘাদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শেখেরতালুক জামে মসজিদের ইমাম মাওলানা হুমায়ুন কবির চৌধুরী দীর্ঘ ২৭ বছর এই মসজিদে দায়িত্ব পালন করেছেন।
জুমার নামাজ শেষে মসজিদ কমিটি ও শেখেরতালুক এলাকাবাসীর উদ্যোগে এ আয়োজন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘ ২৭ বছর শেখেরতালুক জামে মসজিদে সুনামের সাথে ইমামতি করে আসছেন। অসুস্থতার কারণে শুক্রবার মসজিদ প্রাঙ্গণ থেকে এক আবেগঘন বিদায় আয়োজনের মধ্য দিয়ে শেষ কর্মদিবস পালন করেন মাওলানা হুমায়ুন কবির চৌধুরী।
প্রিয় ইমামকে ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানায় মসজিদ পরিচালনা কমিটি ও এলাকাবাসী।
এসময় ইমামতি জীবনের অবসান-মুসল্লী ও গ্রামবাসীর চোখে জলে প্রিয় ইমামকে বিদায় জানাতে মসজিদের চত্বরে ভিড় জমেছে।
আবেগজড়িত কণ্ঠে ইমাম মাওলানা হুমায়ুন কবির চৌধুরী বলেন, জীবনের বড় একটি অংশ এ মসজিদে আর গ্রামের মানুষের সঙ্গে কেটেছে। আমি সারাজীবন দিনের খেদমতে নিয়োজিত ছিলাম। আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, তিনি আমাকে এমন সম্মান দিয়েছেন। সবাই আমার জন্য দোয়া করবেন।
বিদায় অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক এস.এম সুমন বলেন, এমন বিদায় সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনিও আমাদের এলাকার বাসিন্দা। অসুস্থতাজনিত কারণে উনাকে বিদায় দিতে হয়েছে। তিনি এলাকার মানুষের কাছে খুবই জনপ্রিয় ছিলেন। ইমামের পরবর্তী জীবন ভালো কাটুক এই দোয়া করছি।
সময়ের আলো/এনএন