কুড়িগ্রাম পৌর টাউনহলে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন প্রচ্ছদ’র আয়োজনে মঞ্চস্থ হয়েছে নাটক ‘আজ কাণ্ডের ফাঁসি’। বিমল বন্দ্যোপাধ্যায় রচিত কাল্পনিক গল্পনির্ভর এই নাটকটির নির্দেশনায় ছিলেন পার্থ প্রতিম চক্রবর্তী।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে কুড়িগ্রাম টাউন হলে এই নাটকটি প্রদর্শিত হয়। এই নাটকটি দেখতে নাটক প্রেমীদের উপচে পড়া ভিড়ে পুরো হলরুম যেন কানায় কানায় পূর্ণ হয়ে উঠে।
নাটক শুরুর আগে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রচ্ছদ, কুড়িগ্রাম জেলা সভাপতি দুলাল বোস। প্রচ্ছদ, কুড়িগ্রামের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্যামল ভৌমিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
তিনি বলেন, কুড়িগ্রামের সাংস্কৃতিক ইতিহাস, ঐতিহ্য, অতিপুরনো ও গৌরবময়। নাটক শুধু বিনোদনের মাধ্যম নয় বরং সমাজকে সচেতন করে তোলা এবং প্রগতিশীল চেতনাকে জাগিয়ে তোলার অন্যতম শক্তি। প্রচ্ছদের এই নাট্য প্রয়াস কুড়িগ্রামের সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করবে। ঐতিহ্যকে আরও বেগবান করবে। নতুন প্রজন্মকে সুস্থ, সুন্দর সাংস্কৃতিক চর্চায় অনুপ্রাণিত করবে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট সাংবাদিক শফিকুল ইসলাম বেবু, বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ টিউটর প্রমুখ।
কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক কার্যক্রমকে ত্বরান্বিত করতে নিয়মিত সাহিত্য ও সংস্কৃতি চর্চা অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা।
সময়ের আলো/জোই