বিয়ের মৌসুমকে কেন্দ্র করে আপন জুয়েলার্সের নতুন ক্যাম্পেইন ‘আপন ওয়েডিং মুনসুন’ নিয়ে নির্মিত হয়েছে বিশেষ থিমেটিক বিজ্ঞাপন। এতে প্রধান ভূমিকায় কাজ করেছেন অভিনেত্রী মালাইকা চৌধুরী। তার সঙ্গে রয়েছেন মডেল রাজ মানিয়া। ডট থ্রি প্রোডাকশন লিমিটেডের ব্যানারে নির্মিত বিজ্ঞাপনটির পরিচালনায় রয়েছেন মেহেদি হাছিব।
বিয়ের উৎসবের আবহ, বিশেষ জিঙ্গেল ও কোরিওগ্রাফির সমন্বয়ে তৈরি বিজ্ঞাপনটির নাচের অংশকে ঘিরে দর্শকদের অংশগ্রহণের সুযোগ তৈরি করতে আয়োজন করা হয়েছে ‘আপন ওয়েডিং মুনসুন’ ড্যান্স চ্যালেঞ্জ।
এই চ্যালেঞ্জে অংশ নিতে বিজ্ঞাপনে দেখানো নাচটি অনুসরণ করে নিজেদের পরিবেশনার ভিডিও ধারণে ফেসবুক, টিকটক অথবা ইস্টাগ্রামে পোস্ট করতে পারবেন আগ্রহীরা। অংশগ্রহণকারীদের ভিডিও পোস্টে আপন জুয়েলার্সকে ট্যাগ করতে হবে। আয়োজনের সেরা ১০ নৃত্যশিল্পীর জন্য থাকছে আপন জুয়েলার্সের পক্ষ থেকে আকর্ষণীয় উপহার। ক্যাম্পেইনটি এবারের বিয়ের মৌসুমে নতুন একটি অংশগ্রহণমূলক আয়োজন হিসেবে সামনে এসেছে। ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন, দেশীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধা এবং নতুন প্রজন্মের অংশগ্রহণ— এই তিনের সমন্বয়েই সাজানো হয়েছে ‘আপন ওয়েডিং মুনসুন’। আর সেই গল্পের অন্যতম মুখ হয়ে মালাইকা চৌধুরী ক্যাম্পেইনটিতে যোগ করেছেন নতুন প্রাণ।
এর আগেও ক্যারিয়ারের শুরুর দিকে বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন মালাইকা। সেগুলো দর্শক মহলে প্রশংসিত হয়েছে।
এদিকে ‘প্রিয়জন’ নামে নতুন একটি নাটকে অভিনয় করেছেন মালাইকা চৌধুরী। পারিবারিক সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসা, অভিমান ও আপনজনকে ঘিরে এগিয়েছে এর গল্প। নাটকটিতে মালাইকার সঙ্গে জুটি বেঁধেছেন পার্থ শেখ। আরও অভিনয় করেছেন আবুল হায়াত, শহিদুজ্জামান সেলিম, দীপা খন্দকার, মিলি বাশার, বড়দা মিঠু, বাশার বাপ্পী প্রমুখ। নাটকটির গল্প ও পরিচালনা করেছেন এস আর মজুমদার। চিত্রনাট্য লিখেছেন জয়নাল আবেদীন ও এস আর মজুমদার।
নাটকটি প্রসঙ্গে মালাইকা বলেন, পরিবারের মানুষের মধ্যকার ভালোবাসা যেমন সম্পর্ককে আরও গভীর করে, তেমনি ভুল বোঝাবুঝি, অভিমান কিংবা স্বার্থের সংঘাত কখনো কখনো তৈরি করে দূরত্ব। এমনই কিছু সম্পর্কের টানাপোড়েন ও আবেগকে ঘিরে নির্মিত হয়েছে ‘প্রিয়জন’। কাজটি করে অনেক ভালো লেগেছে। দর্শকদেরও ভালো লাগবে।
নাটকটি প্রসঙ্গে নির্মাতা মজুমদার বলেন, ‘গল্পে পার্থ শেখ ও মালাইকা চৌধুরীর চরিত্র এবং তাদের সম্পর্কের রসায়ন নাটকটির অন্যতম আকর্ষণ হয়ে উঠবে বলে মনে করছি। আশা করি, নাটকটি প্রকাশ পেলে দর্শকদের মন ছুঁয়ে যাবে।’
‘প্রিয়জন’ নাটকটি খুব শিগগিরই প্রকাশ পাবে সিডি চয়েজ ড্রামা ইউটিউব চ্যানেলে।
সময়ের আলো/প্রিন্ট/কেআই