বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়িকা ফারহানা আমিন রত্না (নূতন) বলেছেন, শিল্পীদের ধর্মীয় জীবন নিয়ে না জেনে মন্তব্য করা উচিত নয়। তার ভাষ্য, শিল্পীরাও অন্য সবার মতোই মানুষ এবং অনেকেই নিয়মিত ইবাদত করেন।
সম্প্রতি ‘গ্রিনলিফ অ্যাওয়ার্ড ২০২৬’-এ চলচ্চিত্রে অবদানের জন্য আজীবন সম্মাননা পান নূতন। পুরস্কার গ্রহণের সময় তিনি সিনেমা ইন্ডাস্ট্রি ও শিল্পীদের ব্যক্তিজীবন নিয়ে নানা আলোচনা প্রসঙ্গে নিজের অবস্থান তুলে ধরেন।
নূতন বলেন, ‘অনেকেই মনে করেন বা প্রশ্ন তোলেন শিল্পীদের ধর্মকর্ম নিয়ে। আমি তাদের উদ্দেশে বলতে চাই, শিল্পীরাও মানুষ, তারাও আল্লাহকে ভয় পায়। অনেক শিল্পীই নিয়মিত নামাজ পড়েন। কিন্তু এই বিষয়টি তো প্রকাশ্যে বলার কিছু নেই, যার যার ইবাদত তার মতো করে পালন করাই তো নিয়ম। গোপন ইবাদতে সৃষ্টিকর্তা আরও বেশি খুশি হন। তাই শিল্পীদের সব বিষয় নিয়ে না জেনে মন্তব্য করা ঠিক না।’
নিজের দীর্ঘ অভিনয়জীবনের সংগ্রামের কথাও তুলে ধরেন এই অভিনেত্রী। পরিবার, ব্যক্তিজীবন ও চলচ্চিত্রের কাজ একসঙ্গে সামলানো কতটা কঠিন, সে অভিজ্ঞতার কথাও জানান তিনি।
নূতন বলেন, ‘এই সিনেমা ইন্ডাস্ট্রিতে আজকের অবস্থানে আসার পেছনে অনেক স্ট্রাগল আছে আমার। পরিবার, সিনেমা ও ব্যক্তিজীবন— এসব কিছু একসঙ্গে মেইনটেইন করা সহজ নয়। যারা এর ভেতর দিয়ে গিয়েছেন, শুধুই তারাই এই যুদ্ধের কথা জানেন। ইন্ডাস্ট্রি থেকে অনেক সময়, অনেক বিষয়ে কষ্ট পেয়েছি। কিন্তু কখনো সিনেমা ছেড়ে যাইনি। আমি জানি এটাই আমার শেষ ঠিকানা। তাই আল্লাহর কাছে একটাই চাওয়া, মৃত্যুর আগ অব্দি অভিনয় এবং চলচ্চিত্রের সঙ্গে থাকতে চাই।’
অনুষ্ঠানে নৃত্যে অবদানের জন্য নৃত্যশিল্পী মুনমুন আহমেদকেও আজীবন সম্মাননা দেওয়া হয়।
সময়ের আলো/এমকে