ঝিনাইদহ সদর উপজেলায় ঝুলন্ত বিদ্যুতের তারের সংস্পর্শে রকি (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বিষয়খালী গ্রামের উত্তরপাড়ার একটি ঘাসের জমি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত রকি সদর উপজেলার কানুহরপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে গ্রামের কয়েকজন মাঠে কাজ করতে যান। এ সময় তারা একটি ঘাসের জমিতে রকিকে পড়ে থাকতে দেখেন। জমির ওপর দিয়ে টানানো ঝুলন্ত বিদ্যুতের তারের সঙ্গে তার শরীরের স্পর্শ ছিল। পরে কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রকির মরদেহ উদ্ধার করে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ঘাসের জমির ওপর দিয়ে বিদ্যুতের একটি তার ঝুলে ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই তারের সংস্পর্শে এসে রকি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
তিনি জানান, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
সময়ের আলো/জোই