ঝিনাইদহের কালীগঞ্জে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে নিচে পড়ে দুই পা বিচ্ছিন্ন হয়ে এক নারী নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার মোবারকগঞ্জ রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাবেয়া খাতুন রাজধানীর খিলক্ষেতের জোয়ার সাহারা এলাকার ইকবাল হোসেনের মেয়ে। তিনি খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেসের যাত্রী ছিলেন।
স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে মোবারকগঞ্জ রেলস্টেশনে বিরতির পর ট্রেনটি আবার যাত্রা শুরু করে। এ সময় রাবেয়া ট্রেনে ওঠার চেষ্টা করলে অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে যান। এতে ট্রেনে কাটা পড়ে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত রাবেয়াকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে যশোরে রেফার করা হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার নয়ন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নেয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোরে রেফার করা হয়েছিল। তবে সেখানে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
সময়ের আলো/জোই