অসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষতি, দুশ্চিন্তায় সদরপুরে কৃষকরা

সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

সারাদেশ

মাঠজুড়ে সোনালি আমন ধান। কোথাও পাকা ধান কাটতে শুরু করেছেন কৃষক, আবার কোথাও কয়েক দিনের মধ্যেই ঘরে তোলার প্রস্তুতি চলছিল।

2026-11-21T23:32:30+00:00
2026-11-21T23:32:30+00:00
 
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সারাদেশ
অসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষতি, দুশ্চিন্তায় সদরপুরে কৃষকরা
সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১১:৩২ পিএম 
ছবি : সময়ের আলো
মাঠজুড়ে সোনালি আমন ধান। কোথাও পাকা ধান কাটতে শুরু করেছেন কৃষক, আবার কোথাও কয়েক দিনের মধ্যেই ঘরে তোলার প্রস্তুতি চলছিল। কিন্তু অসময়ের বৃষ্টিতে সেই স্বপ্নে বাধা পড়েছে। হঠাৎ বৃষ্টিতে জমিতে পানি জমে পাকা ধান নুয়ে পড়েছে। কোথাও ধানগাছ মাটিতে লুটিয়ে পড়েছে, আবার কোথাও পানিতে ডুবে আছে পাকা ধানের শীষ। এতে ধান পচে যাওয়া ও দানা নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে ব্যাপক লোকসানের শঙ্কায় পড়েছেন ফরিদপুরের সদরপুর উপজেলার আমনচাষিরা।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি মৌসুমে অনুকূল আবহাওয়ার কারণে আমন ধানের ফলন ভালো হয়েছিল। অনেকের জমির ধান পেকে কাটার উপযোগী হয়ে উঠেছিল। কেউ কেউ ইতোমধ্যে ধান কাটাও শুরু করেছিলেন। কিন্তু গত দুই দিনের অসময়ের বৃষ্টিতে জমিতে পানি জমে যাওয়ায় ধান কাটা ও মাড়াইয়ের কাজ ব্যাহত হচ্ছে। বিশেষ করে নিচু জমির পাকা ধান নিয়ে বেশি দুশ্চিন্তায় রয়েছেন কৃষকেরা।

তাদের আশঙ্কা, বৃষ্টির পানি দ্রুত নেমে না গেলে জমিতে পড়ে থাকা পাকা ধানের শীষ পচে যেতে পারে। এতে ধানের গুণগতমান কমে যাওয়ার পাশাপাশি বাজারে ন্যায্যমূল্য পাওয়া নিয়েও অনিশ্চয়তা তৈরি হবে। ফলে উৎপাদন খরচ তুলতে না পারার আশঙ্কা করছেন অনেকে।

উপজেলার সদর ইউনিয়নের কৃষক সায়াদ সর্দার বলেন, ধারদেনা করে জমি চাষ, চারা কেনা, শ্রমিকের মজুরি, সার ও কীটনাশক বাবদ অনেক টাকা খরচ করেছেন। এখন ফসল ঘরে তোলার সময় প্রকৃতির এমন বিরূপ আচরণে দিশেহারা হয়ে পড়েছেন। দ্রুত আবহাওয়া স্বাভাবিক না হলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে।


আরেক ক্ষতিগ্রস্ত কৃষক জাফর খা বলেন, সারা বছর কষ্ট করে ধান ফলিয়েছেন। ধান পেকে যাওয়ায় ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু অসময়ের বৃষ্টিতে জমির ধান পড়ে গেছে। সময়মতো কাটতে না পারলে বড় ধরনের লোকসানের মুখে পড়তে হবে।

ক্ষতিগ্রস্ত কৃষকেরা জমির পরিমাণ ও ফসলের ক্ষয়ক্ষতি দ্রুত নিরূপণ করে প্রয়োজনীয় সরকারি সহায়তার দাবি জানিয়েছেন। পাশাপাশি জমিতে জমে থাকা বৃষ্টির পানি নিষ্কাশন এবং কৃষি বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।

সদরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুল বাশার চৌধুরী বলেন, চলতি বছর সদরপুর উপজেলায় ৬ হাজার ৫৫৫ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। নিম্নচাপের প্রভাবে অসময়ের বৃষ্টিতে কৃষকদের পাকা আমন ধানের ক্ষতি হয়েছে। এ বিষয়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। জমিতে বৃষ্টির পানি জমে থাকলে দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করতে এবং জমির অবস্থা বিবেচনায় পাকা ধান দ্রুত কাটার উদ্যোগ নিতে বলা হচ্ছে।

সোনালি ফসল ঘরে তোলার অপেক্ষায় থাকা কৃষকদের এখন দুশ্চিন্তার শেষ নেই। সারা বছরের পরিশ্রমের ফসল শেষ পর্যন্ত কতটুকু ঘরে তুলতে পারবেন, সেই অনিশ্চয়তায় দিন কাটছে তাদের।

সময়ের আলো/জোই
  বিষয়:   ফরিদপুর  সদরপুর  আমন ধান  অসময়ের বৃষ্টি  আমনচাষি  কৃষকের ক্ষতি  ফসলহানি  কৃষি  নিম্নচাপ  ধান চাষ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: