কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ । ছবি : সংগৃহীত কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে নির্মিত হতে যাচ্ছে ১০ তলাবিশিষ্ট আন্তর্জাতিক মানের ইসলামিক কমপ্লেক্স। ১০০ কোটি টাকার বেশি ব্যয়ে আধুনিক তুর্কি স্থাপত্যশৈলীতে নির্মিতব্য এ কমপ্লেক্সে একসঙ্গে প্রায় ৩০ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে। এ প্রকল্পের জন্য মসজিদের নামে ইতোমধ্যে ৫৩ দশমিক ৭৭ শতাংশ জমি কেনা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকালে মসজিদের দানবাক্স খোলার পর আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন।
তিনি জানান, প্রস্তাবিত কমপ্লেক্সে নামাজের জায়গার পাশাপাশি মাদরাসা, এতিমখানা, সমৃদ্ধ লাইব্রেরি, অডিটোরিয়াম ও গেস্টহাউজ থাকবে। নারীদের জন্যও থাকবে পৃথক নামাজের ব্যবস্থা। এর নান্দনিক নকশা প্রণয়নের কাজ শেষ পর্যায়ে রয়েছে।
প্রেস ব্রিফিংয়ে মসজিদের আর্থিক অবস্থার তথ্যও তুলে ধরা হয়। জানানো হয়, বর্তমানে পাগলা মসজিদের তহবিলে জমা রয়েছে ১৩৩ কোটি ২১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকা। এ ছাড়া, মসজিদের ওয়েবসাইটের মাধ্যমে মোবাইল ব্যাংকিং ও অনলাইন ব্যাংকিংয়ে অনুদান দেওয়ার সুযোগ রয়েছে। এ পর্যন্ত অনলাইনে ৪৪ লাখ ৯ হাজার ৯৩৬ টাকা অনুদান পাওয়া গেছে।
মসজিদের দানবাক্সে নগদ টাকার পাশাপাশি সোনা, রুপা ও বিভিন্ন দেশের মুদ্রাও পাওয়া যায়। এসব মূল্যবান সামগ্রী সিলগালা করে জেলা ট্রেজারিতে সংরক্ষণ করা হয়। গত ১২ অক্টোবর সিলগালা খোলার পর গণনা করে ১ হাজার ৪৪ ভরি ১৪ আনা ৮ রতি সোনা, ১ হাজার ৮৮ ভরি রুপা এবং ১৭টি দেশের বৈদেশিক মুদ্রা পাওয়া যায়।
পরে, বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বৈদেশিক মুদ্রা নগদায়ন করে ৬৫ লাখ ৬২ হাজার ৭২৪ টাকা পাওয়া গেছে। সোনা ও রুপার বাজারমূল্য নির্ধারণ এবং নিলামের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ দিকে, মুসল্লিদের নামাজের জায়গার সংকট কমাতে ১ কোটি ১০ লাখ ৮৮ হাজার ৪৬৪ টাকা ব্যয়ে ৩৩টি নামাজের শেড ও অজুখানা নির্মাণের কাজ শুরু হয়েছে। এর মধ্যে নারীদের জন্যও পৃথক অজুখানার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি মসজিদে আসা দর্শনার্থী ও মুসল্লিদের সুবিধার্থে বাইরে পাবলিক টয়লেট নির্মাণের কাজ শেষ হয়েছে।
মসজিদ পরিচালনা কমিটি জানায়, পাগলা মসজিদের তহবিল থেকে মাদরাসার এতিম ও অসহায় শিক্ষার্থীদের যাবতীয় ব্যয় বহন করা হয়। এ ছাড়া, মসজিদের ৩৫ জন কর্মচারী ও ১০ জন আনসার সদস্যের বেতন, বিদ্যুৎ বিল এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে অর্থ ব্যয় করা হয়। তহবিলে জমা অর্থের লভ্যাংশ থেকে কিশোরগঞ্জের দরিদ্র রোগীদের চিকিৎসার জন্যও অনুদান দেওয়া হয়। মসজিদ পরিচালিত মাদরাসা থেকে এ পর্যন্ত ২৫০ জন শিক্ষার্থী হাফেজ হয়েছেন।
এর আগে, শনিবার সকাল ৭টায় চার মাস ২৪ দিন পর পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খোলা হয়। এর মধ্যে ১০টি স্থায়ী সিন্ধুক ও পাঁচটি অস্থায়ী ট্যাংক ছিল। দানবাক্সগুলো পূর্ণ হয়ে যাওয়ায় আগে থেকেই আরও দুটি অস্থায়ী ট্যাংক যুক্ত করা হয়েছিল।
দানবাক্স খোলার কাজে জামিয়া ইমদাদিয়া মাদরাসার ৩০০ জন এবং পাগলা মসজিদ মাদরাসার ৯০ জন শিক্ষার্থী অংশ নেন। এ ছাড়া রূপালী ব্যাংকের ১৫০ জন কর্মকর্তা, মসজিদের ৩৫ জন কর্মচারী ও জেলা প্রশাসনের ২৪ জন কর্মচারী গণনা কার্যক্রমে সহযোগিতা করেন। পুরো কার্যক্রমে নিরাপত্তার দায়িত্বে ছিলেন জেলা প্রশাসন, পুলিশ, আনসার ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা।
সময়ের আলো/এসকে