প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৯:৪০ পিএম
লোকালয়ে বাড়ির টিনের চালে ও গাছে বানরের দল। ছবি : সময়ের আলোমৌলভীবাজারের পাহাড় ও বনাঞ্চল সংলগ্ন বিভিন্ন এলাকায় লোকালয়ে বানরের উপদ্রব বেড়েছে। দল বেঁধে লোকালয়ে নেমে আসা বানরের কারণে শাকসবজি, ফলমূল ও কৃষিপণ্যের ব্যাপক ক্ষতি হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। দিনের পাশাপাশি রাতেও বানরের উৎপাত বেড়ে যাওয়ায় অতিষ্ঠ হয়ে উঠেছেন তারা।
বিশেষ করে জেলার কুলাউড়া উপজেলার বরমচাল, ভাটেরা, ব্রাহ্মণবাজার, জয়চন্ডরী, টিলাগাও, হাজিপুর, শরীফপুর ও কুলাউড়া সদর ইউনিয়নের এলাকার বাসিন্দারা এ সমস্যায় বেশি ভোগান্তিতে পড়েছেন। স্থানীয়দের অভিযোগ, পাহাড় ও বনাঞ্চলে খাদ্যসংকটের কারণে শত শত বানর দল বেঁধে লোকালয়ে চলে আসছে। বাড়ির আঙিনায় চাষ করা শাকসবজি খেয়ে ও গাছপালা ভেঙে নষ্ট করছে। আম, কাঁঠাল ও লিচুসহ বিভিন্ন ফল পরিপক্ব হওয়ার আগেই খেয়ে ফেলছে। এমনকি বাড়ির উঠানে শুকাতে দেওয়া ধানও বানরের দল ছড়িয়ে-ছিটিয়ে নষ্ট করছে।
এলাকাবাসী জানান, বানরের উৎপাত শুধু দিনের বেলায় সীমাবদ্ধ নেই। রাতেও দল বেঁধে বানর বাড়ির টিনের চালের ওপর ওঠানামা করে। এতে বিকট শব্দে ঘুমের ব্যাঘাত ঘটছে। বিশেষ করে শিশুদের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে। নিজেদের বাড়িতে শাকসবজি ও ফলমূল উৎপাদন করতে না পারায় পরিবারের দৈনন্দিন খাদ্যচাহিদা পূরণেও বাড়তি চাপ তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, দীর্ঘদিন ধরে চলা এ সমস্যার কারণে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। কৃষিপণ্য ও ফলমূলের ক্ষতির পাশাপাশি বাড়িঘরেও তৈরি হচ্ছে অস্বস্তিকর পরিস্থিতি। তবে তারা বানর নিধনের পক্ষে নন। বন্যপ্রাণী হিসেবে বানরেরও বেঁচে থাকার অধিকার রয়েছে উল্লেখ করে তারা মানুষ ও বন্যপ্রাণীর সহাবস্থান নিশ্চিত করে সমস্যার সমাধান চান।
এ অবস্থায় বরমচালসহ আশপাশের এলাকায় বানরের উপদ্রব নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন, বন বিভাগ ও স্থানীয় জনপ্রতিনিধিদের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। তাদের মতে, বনাঞ্চলে বানরের জন্য পর্যাপ্ত খাদ্যের ব্যবস্থা করা এবং বন বিভাগের তত্ত্বাবধানে প্রয়োজনীয় সমীক্ষা চালিয়ে নিরাপদ ও উপযুক্ত আবাসস্থল নিশ্চিত করার উদ্যোগ নেওয়া যেতে পারে।
এলাকাবাসীর প্রত্যাশা, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ নেবে। এতে একদিকে যেমন মানুষের বসতবাড়ি ও ফসলের ক্ষয়ক্ষতি কমবে, অন্যদিকে বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল ও স্বাভাবিক জীবনধারাও সুরক্ষিত থাকবে।
সময়ের আলো/জোই