প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৯:৫২ পিএম
সাভারের আশুলিয়ায় শিল্পাঞ্চলের সার্বিক শ্রম পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী । ছবি : সংগৃহীততৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণে আগামী ২৩ নভেম্বরের সভায় মালিকপক্ষের প্রস্তাব পাওয়ার আশা করছে ন্যূনতম মজুরি বোর্ড। তবে ওই সভায় মালিকপক্ষ প্রস্তাব না দিলে প্রচলিত আইন ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে সাভারের আশুলিয়ায় শিল্পাঞ্চলের সার্বিক শ্রম পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বোর্ড চেয়ারম্যান বলেন, আগামী ২৩ নভেম্বর পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাব দেবে বলে আশা করা হচ্ছে। তবে কাউকে প্রস্তাব দিতে বাধ্য করা সম্ভব নয়। মালিকপক্ষ প্রস্তাব না দিলেও বোর্ড বসে থাকবে না। সে ক্ষেত্রে প্রচলিত আইন, নির্ধারিত প্রক্রিয়া ও সূচক অনুসরণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে, চেয়ারম্যানের নেতৃত্বে ন্যূনতম মজুরি বোর্ডের একটি প্রতিনিধিদল আশুলিয়ার পলাশবাড়ী এলাকার একটি তৈরি পোশাক কারখানা পরিদর্শন করে। এ সময় শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের বর্তমান বেতন, দাবি-দাওয়া, জীবনযাত্রার ব্যয় ও কর্মপরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন প্রতিনিধিদলের সদস্যরা।
পরিদর্শন শেষে সৈয়দ আজাদ সুবহানী বলেন, নতুন মজুরি নির্ধারণে শ্রমিক ও মালিক- উভয় পক্ষের সঙ্গে আলোচনা চলছে। শ্রমিকদের প্রত্যাশা, পরিবারের নির্ভরশীল সদস্যসংখ্যা ও জীবনযাত্রার ব্যয়ের তথ্য সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি মালিকপক্ষের সক্ষমতা ও বিভিন্ন সীমাবদ্ধতাও বিবেচনায় নেওয়া হচ্ছে।
বোর্ডের আগের দুটি সভা স্থগিত হওয়া নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ এবং মালিকপক্ষের অসহযোগিতার আশঙ্কা তৈরি হয়েছিল। এ বিষয়ে চেয়ারম্যান বলেন, বৈধ কারণেই সভাগুলো স্থগিত করতে হয়েছিল। এ নিয়ে কোনো পক্ষের চাপ নেই।
নতুন মজুরি কাঠামো কার্যকরের সময়সীমা সম্পর্কে তিনি জানান, গত ১ নভেম্বর ন্যূনতম মজুরি বোর্ড গঠনের পর ৪ নভেম্বর প্রথম সভা অনুষ্ঠিত হয়। শ্রম আইন অনুযায়ী মজুরি নির্ধারণে বোর্ডের হাতে ছয় মাস, অর্থাৎ আগামী বছরের ৩০ এপ্রিল পর্যন্ত সময় রয়েছে। তবে শ্রমিক ও মালিক উভয় পক্ষই দ্রুত প্রক্রিয়া শেষ করার বিষয়ে একমত হয়েছেন।
চেয়ারম্যান বলেন, সবার প্রত্যাশা, দ্রুত আলোচনা শেষ করে আগামী ডিসেম্বর থেকেই নতুন মজুরি কাঠামো কার্যকর করা সম্ভব হবে।
সময়ের আলো/এসকে