বৃষ্টিতে আমন ধানের খেতে পানি। ছবি : সময়ের আলোরাজশাহীর গোদাগাড়ীতে টানা দুই দিনের বৃষ্টিতে আমন ধান ও শীতকালীন সবজি নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। বৃষ্টিতে কাটা ধান ও মাড়াইয়ের জন্য জমিতে রাখা ধান ভিজে গেছে। অনেক জমিতে পানি জমে থাকায় পাকা আমন ধান কাটতে পারছেন না কৃষকরা। একই সঙ্গে বিভিন্ন সবজির খেতে পানি জমে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে চলতি মৌসুমের কৃষি উৎপাদন ও কৃষকদের আর্থিক ক্ষতির আশঙ্কা বাড়ছে।
গত দুই দিন ধরে গোদাগাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কখনো মুষলধারে, কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জনজীবন ব্যাহত হচ্ছে। বৃষ্টির পানি জমে নিচু এলাকার জমিতে সবজির খেত ও বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন আমন ধান কাটার মৌসুমে মাঠে থাকা কৃষকেরা। ধান কাটার পর শুকানো ও ঘরে তোলার সময় এমন বৃষ্টি তাদের বাড়তি দুর্ভোগে ফেলেছে।
উপজেলার বিভিন্ন মাঠে কোথাও কাটা ধান পড়ে আছে, কোথাও পাকা ধান বৃষ্টির পানিতে ভিজে যাচ্ছে। আবার অনেক জমিতে পানি জমে থাকায় কৃষকেরা ধান কাটার কাজে নামতে পারছেন না। বৃষ্টির কারণে ধান শুকানো ব্যাহত হওয়ায় ভেজা ধান নিয়ে তৈরি হয়েছে নতুন সমস্যা। দীর্ঘ সময় ভেজা অবস্থায় থাকলে ধানের রং ও গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি পচন ধরার আশঙ্কাও রয়েছে। এতে বাজারে ধানের দাম কমে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।
গোদাগাড়ী উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে উপজেলার ৯টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় মোট ২৩ হাজার ৭৬২ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে। এরই মধ্যে প্রায় ৩০ শতাংশ জমির ধান কেটে ঘরে তুলেছেন কৃষকেরা। বাকি ধান মাঠে রয়েছে। ফলে মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে বৃষ্টির কারণে কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
এ বছর গোদাগাড়ীতে উচ্চফলনশীল স্বর্ণ, ব্রি-৫১, ব্রি-৭৫, ব্রি-৮৭, ব্রি-৯০, ব্রি-৯২, ব্রি-৯৩, ব্রি-৯৪, ব্রি-৯৫, ব্রি-১০৩ এবং বিনাধান-১৭ ও ২৬ জাতের পাশাপাশি বিভিন্ন হাইব্রিড জাতের ধান চাষ করেছেন কৃষকেরা। ভালো ফলনের আশায় কৃষকেরা জমি প্রস্তুত, চারা রোপণ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের পেছনে উল্লেখযোগ্য অর্থ ব্যয় করেছেন। এখন ধান ঘরে তোলার সময় বৃষ্টির কারণে তাঁদের সেই পরিশ্রম ও বিনিয়োগ অনিশ্চয়তার মুখে পড়েছে।
গোদাগাড়ীর কৃষক রবিউল ইসলাম বলেন,তিন বিঘা জমির ধান তুলেছি। প্রায় ছয় বিঘার কাটা ধান জমিতে পড়ে আছে। বৃষ্টির কারণে ধান ঠিকমতো ঘরে তুলতে পারব কি না, তা নিয়ে চিন্তায় আছি। ভালো ফলনের পাশাপাশি আশানুরূপ দাম পেলেই আমাদের পরিশ্রম সার্থক হবে। আল্লাহর ওপর কারও হাত নেই। তিনি যা করবেন, তা মেনে নিতে হবে।
তিনি জানান, ধান কাটার পর দ্রুত শুকিয়ে ঘরে তুলতে না পারলে বৃষ্টিতে ভিজে ধানের মান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এতে উৎপাদিত ধান বিক্রি করে কাঙ্ক্ষিত দাম পাওয়া নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
গোগ্রাম ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের কৃষক পলাশ জানান, চার বিঘা জমির ধান কেটে শুকানোর জন্য রাখা হয়েছিল। কিন্তু টানা বৃষ্টিতে সব ধান ভিজে গেছে। জমিতেও পানি জমেছে। পানি বের করার জন্য জমির আইল কেটে দিচ্ছেন তিনি।
পলাশ বলেন, দুই দিনের টানা বৃষ্টিতে জমিতে পানি জমেছে। সবজি গাছের গোড়ায় পানি জমে গাছ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। অনেক কষ্ট ও খরচ করে সবজি চাষ করেছি। এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে। পানি দ্রুত না নামলে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি লোকসান গুনতে হবে।
আমন ধানের পাশাপাশি শীতকালীন সবজি চাষ নিয়েও উদ্বেগ বাড়ছে গোদাগাড়ীর কৃষকদের। উপজেলার বিভিন্ন এলাকায় ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন, মরিচসহ নানা ধরনের শীতকালীন সবজি চাষ করা হয়েছে। এসব সবজির অনেক খেতে বৃষ্টির পানি জমতে শুরু করেছে।
সবজি চাষের জমিতে দীর্ঘ সময় পানি জমে থাকলে গাছের গোড়ায় পচন ধরতে পারে। এতে গাছ দুর্বল হয়ে পড়া, গাছ মারা যাওয়া এবং ফলন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন করা না গেলে কৃষকদের বাড়তি খরচের পাশাপাশি উৎপাদন কমে আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে।
সবজি চাষে জমি প্রস্তুত, চারা, সার, সেচ, পরিচর্যা ও শ্রমিকের পেছনে কৃষকদের বড় অঙ্কের বিনিয়োগ থাকে। মৌসুমের শুরুতে জলাবদ্ধতার কারণে গাছ ক্ষতিগ্রস্ত হলে সেই বিনিয়োগ তুলে আনা কঠিন হয়ে পড়বে। ফলে বৃষ্টির প্রভাব শুধু মাঠের ফসলেই সীমাবদ্ধ থাকবে না, কৃষকদের পারিবারিক আয় ও স্থানীয় সবজি সরবরাহেও প্রভাব ফেলতে পারে।
গোদাগাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহম্মেদ বলেন, টানা বৃষ্টিতে সবজির খেতে পানি জমলে ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। বিশেষ করে জলাবদ্ধতা সৃষ্টি হলে গাছের গোড়ায় পচন ধরতে পারে। এ অবস্থায় কৃষকদের জমি থেকে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। খেতে যেন দীর্ঘ সময় পানি জমে না থাকে। সেদিকে নজর রাখতে হবে। বৃষ্টি কমার পর ফসলের অবস্থা বুঝে প্রয়োজনীয় পরিচর্যা করতে হবে।
তিনি কৃষকদের জমিতে পানি জমে থাকলে দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করার পরামর্শ দেন। পাশাপাশি বৃষ্টি কমে গেলে ফসলের অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী পরিচর্যা করতে হবে ।
প্রতিকূল আবহাওয়ার মধ্যে মাঠের ফসল রক্ষা ও উৎপাদিত ধান নিরাপদে ঘরে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কৃষকেরা। তাঁদের প্রত্যাশা, বৃষ্টি দ্রুত থেমে যাবে, মাঠের পানি নেমে যাবে এবং চলতি মৌসুমের ফসল অন্তত বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পাবে।
সময়ের আলো/জোই