পাগলা মসজিদে দানের টাকায় নতুন ইতিহাস, পাওয়া গেল ১৮ কোটি

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

এ যেন টাকার খনি! যতবার খোলা হচ্ছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স, ততবারই মিলছে বিপুল পরিমাণ অর্থ। আগের সব রেকর্ড

2026-11-21T23:08:36+00:00
2026-11-21T23:08:36+00:00
 
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সারাদেশ
পাগলা মসজিদে দানের টাকায় নতুন ইতিহাস, পাওয়া গেল ১৮ কোটি
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১১:০৮ পিএম 
টাকা গণনা শেষে এ তথ্য নিশ্চিত করেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফ । ছবি : সংগৃহীত
এ যেন টাকার খনি! যতবার খোলা হচ্ছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স, ততবারই মিলছে বিপুল পরিমাণ অর্থ। আগের সব রেকর্ড ছাড়িয়ে এবার দানবাক্স থেকে পাওয়া গেছে ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা। নগদ অর্থের পাশাপাশি মিলেছে বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকার। সর্বশেষ এই টাকা জমা হলে মসজিদের ব্যাংক হিসাবে মোট অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ১৫১ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা।

শনিবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে টাকা গণনা শেষে এ তথ্য নিশ্চিত করেন পাগলা মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফ।

তিনি জানান, এবার ১৫টি দানবাক্স থেকে ৫১ বস্তা টাকা পাওয়া গেছে। এসব টাকা গণনা করতে প্রায় ৯ ঘণ্টা সময় লাগে। এটি পাগলা মসজিদের দানবাক্স থেকে একবারে পাওয়া সর্বোচ্চ পরিমাণ অর্থ।

এর আগে, গত ২৭ জুন দানবাক্স খুলে পাওয়া গিয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। এবার সেই রেকর্ডও ছাড়িয়ে গেছে।

মসজিদ পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, শনিবারের আগে দানবাক্স থেকে পাওয়া প্রায় ১৩৩ কোটি টাকা মসজিদের ব্যাংক হিসাবে জমা ছিল। নতুন করে পাওয়া অর্থ যুক্ত হওয়ায় ব্যাংকে মোট জমার পরিমাণ দাঁড়িয়েছে ১৫১ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা। এ ছাড়া বিভিন্ন সময়ে দানবাক্সে পাওয়া ১২ কেজি ১৭৪ গ্রাম সোনা, ১২ কেজি ৬৯০ গ্রাম রুপা এবং ১৭টি দেশের বিভিন্ন পরিমাণ বৈদেশিক মুদ্রা জেলা প্রশাসকের ট্রেজারিতে সংরক্ষিত রয়েছে।

এর আগে, শনিবার সকাল ৭টায় কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক সোহানা নাসরিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের নিচতলায় থাকা ১৫টি দানবাক্স খোলা হয়। পরে সেখান থেকে পাওয়া ৫১ বস্তা টাকা দ্বিতীয় তলায় নেওয়া হয়। সকাল ৯টা থেকে শুরু হয় গণনার কাজ।

চার মাস ২৪ দিন পর এবার দানবাক্সগুলো খোলা হয়। টাকা গণনায় অংশ নেন পাগলা মসজিদ নূরানী কুরআন হাফিজিয়া মাদরাসার ১০০ জন শিক্ষার্থী, শহরের আল জামিয়াতুল ইমদাদিয়ার ৩০০ শিক্ষার্থী, রূপালী ব্যাংকের ৭৫ জন কর্মকর্তা-কর্মচারীসহ ছয় শতাধিক মানুষ। প্রথমে টাকা বাছাই ও বান্ডেল করা হয়। পরে ইলেকট্রনিক মেশিনের সাহায্যে গণনা করা হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।


মসজিদ পরিচালনা কমিটি সূত্রে আরও জানা গেছে, মসজিদ ও মাদরাসার আনুষঙ্গিক ব্যয় মেটানোর পর দানের অবশিষ্ট অর্থ রূপালী ব্যাংকে মসজিদের নামে খোলা হিসাবে জমা রাখা হয়। এসব অর্থ দিয়ে প্রায় ১১৫ কোটি টাকা ব্যয়ে বহুতল পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর নকশা অনুমোদনের কাজও প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক সোহানা নাসরিন।

জনশ্রুতি রয়েছে, কিশোরগঞ্জ শহরের হারুয়া ও রাখুয়াইল এলাকার মাঝ দিয়ে প্রবাহিত নরসুন্দা নদীর মধ্যবর্তী স্থানে জেগে ওঠা চরে এক আধ্যাত্মিক পাগল সাধকের আস্তানা ছিল। তাঁর মৃত্যুর পর সেখানে একটি মসজিদ নির্মাণ করা হয়। পরে এটি পাগলা মসজিদ নামে পরিচিতি পায়।

প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এ মসজিদে মানত করলে মনের আশা পূরণ হয়। এ বিশ্বাস থেকে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশ-বিদেশের অসংখ্য মানুষ এখানে অর্থ ও মূল্যবান সামগ্রী দান করেন। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দানের পরিমাণ, তৈরি হচ্ছে একের পর এক নতুন রেকর্ড।

সময়ের আলো/এসকে
  বিষয়:   পাগলা মসজিদ  দানের টাকা  নতুন ইতিহাস  পাওয়া গেল  রেকর্ড  ১৮ কোটি টাকা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: