প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১১:৪৮ পিএম আপডেট: ২১.১১.২০২৬ ১১:৪৯ পিএম
সংগৃহীত ছবি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে সিসি ক্যামেরা ও সার্চলাইট স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে এসব সরঞ্জাম স্থাপনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষায় সিসি ক্যামেরা ও সার্চলাইট স্থাপনের কাজ ধাপে ধাপে চলমান থাকবে। বিজিবির নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি ক্যামেরার মাধ্যমেও সীমান্ত এলাকায় নজরদারি করা হবে। অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধে এসব সরঞ্জাম স্থাপন করা হচ্ছে। এতে আগের তুলনায় সীমান্তে আরও কার্যকরভাবে নজরদারি করা সম্ভব হবে। পর্যায়ক্রমে ৭২ কিলোমিটার সীমান্তেই সিসি ক্যামেরা ও সার্চলাইট স্থাপন করা হবে।
ঝাউডাঙ্গা বিওপি সূত্রে জানা গেছে, জামালপুর ৩৫ বিজিবির অধীনে দেওয়ানগঞ্জ উপজেলায় বাঘারচর, ঝাউডাঙ্গা ও পাথরেরচর— এই তিনটি বিওপি ক্যাম্প রয়েছে। এর মধ্যে ঝাউডাঙ্গা বিওপির আওতাধীন সীমান্ত পিলার ১০৭৮ থেকে ১০৮২ নম্বর এলাকার মধ্যে নজরদারি ব্যবস্থা জোরদার করা হয়েছে। সীমান্তের ১০৮১ নম্বর মূল পিলারের ৩-এস সীমান্ত পিলার থেকে আনুমানিক ৫০০ গজ অভ্যন্তরে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা ও সার্চলাইট।
সময়ের আলো/প্রিন্ট/জোই