চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় রাজশাহীর গোদাগাড়ী পৌর নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিমুল ইসলাম (নাসিম) কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে তাকে গ্রেফতার করা হয়।
নাসিমুল ইসলাম গোদাগাড়ী উপজেলার ভগবন্তপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। পুলিশ জানায়, ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর থেকে তিনি রাজশাহী শহরে বসবাস করছিলেন।
দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সূত্রে জানা যায়, চিকিৎসার জন্য মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার উদ্দেশ্যে নাসিমুল ইসলাম সেখানে যান। এ সময় তার পাসপোর্ট ও ভিসা যাচাই করতে গিয়ে আইনগত জটিলতার তথ্য পাওয়া যায়। পরে গোদাগাড়ী থানায় যোগাযোগ করে তার বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নাসিমুল ইসলামের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় একটি মামলা রয়েছে। ২০২৪ সালের ৬ ডিসেম্বর দায়ের করা মামলাটির নম্বর ৭ এবং জিআর নম্বর ৬০৫। এতে দণ্ডবিধির বিভিন্ন ধারাসহ হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য-সংক্রান্ত অভিযোগ রয়েছে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, গোদাগাড়ী থানায় মামলা থাকায় নাসিমুল ইসলামকে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট থেকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হবে।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিয়া নাসিমুল ইসলামের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর থেকে নাসিমুল ইসলাম আত্মগোপনে ছিলেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ ও দলীয় কার্যক্রম চালিয়ে যাওয়ার অভিযোগে তিনি পুলিশের নজরদারিতে ছিলেন।
ওসি সুজন মিয়া আরও বলেন, অনলাইনে ঘোষিত বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে নাসিমুল ইসলাম ফেসবুকে সক্রিয় থাকতেন। একই সঙ্গে তৃণমূলের নেতা-কর্মীদের সক্রিয় রাখার চেষ্টা করতেন বলেও অভিযোগ রয়েছে।
পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে নাসিমুল ইসলামকে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হবে। সেখানে তার বিরুদ্ধে থাকা মামলায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/জোই